দেশের আকাশে ১৪৪১ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (১ সেপ্টেম্বর) থেকে পবিত্র এ মাসের গণনা শুরু হবে।
এ হিসাব অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) পালিত হবে পবিত্র আশুরা (১০ মহররম)।
আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
সভায় ১৪৪১ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে শনিবার (৩১ আগস্ট) শুরু হচ্ছে নতুন আরবি বছর, ১৪৪১ হিজরি।
আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) পালিত হবে পবিত্র আশুরা (১০ মহররম)। শুক্রবার (৩০ আগস্ট) আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এএস





