স্মার্টফোন বাজারে গুগলের ওপেন সোর্স অপারেটিং প্লাটফর্ম অ্যান্ড্রয়েডের আধিপত্য বেড়েই চলেছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে শতকরা ৮৫ শতাংশ ছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

সিএনবিসি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েডের আধিপত্য বাড়ার সঙ্গে পিছিয়ে পড়ছে অ্যাপল, ব্ল্যাকবেরি এবং মাইক্রোসফট। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদনে উঠে এসেছে এর বিস্তারিত।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদন অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে শতকরা ৮৪.৬ শতাংশ ছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এর বিপরীতে পিছিয়েছে শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপলও। ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে আইওএস ডিভাইস ছিল ১৩.৪ শতাংশ, এক বছরের ব্যবধানে যা নেমে এসেছে ১১.৯ শতাংশে।
একইভাবে পিছিয়ে পরেছে মাইক্রোসফট ও ব্ল্যাকবেরি।

এক বছরের ব্যবধানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের বিক্রি ৩.৮ শতাংশ থেকে নেমে এসেছে ২.৭ শতাংশে।
আর বছর পাঁচেক আগেই স্মার্টফোন বাজারে একচ্ছত্র আধিপত্য করে বেড়ানো ব্ল্যাকবেরির বিক্রির পরিমাণ এক বছরের ব্যবধানে ২.৪ শতাংশ থেকে নেমে এসেছে ০.৬ শতাংশে।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই