অচিরেই বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ রপ্তানী সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, আর্ন্তজাতিক চাকরির বাজারে তথ্য প্রযুক্তি পেশাজীবিদের দক্ষতা পরিমাপে ইনফরমেশন টেকনোলজী ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন- আইটিইই পরীক্ষা সহায়ক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে দ্বিতীয় আইটিইই পরীক্ষায় কৃতকার্য ২২ বাংলাদেশিকে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় বিডি-আইটেক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকায় নিযুক্ত জাপানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিরোইউকি মিনামি,

জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন ও প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ  হোসেন। 

বিডি-আইটেকের প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন বলেন, বাংলাদেশে আইটিইই পরীক্ষা পদ্ধতি চালুর ফলে দেশের আইটি পেশাজীবিগণ তাদের দক্ষতার পরিমাপ করতে পারছেন এবং এই সার্টিফিকেট অর্জনের ফলে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে।

আশা করা যায় এই সার্টিফিকেশনের মাধ্যমে আইটি ক্ষেত্রে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এশিয়ার ১২টি দেশে মিউচুয়ালি এই পদ্ধতি চালু আছে

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর