বিশ্ববাসীকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান আউটারনেট। নেটওয়ার্ক অবকাঠামো তৈরির এ প্রকল্পে আউটারনেট হবে কিউব স্যাটেলাইটে তৈরি একটি গ্লোবাল নেটওয়ার্ক, যা মহাকাশ থেকে সারা পৃথিবীর মানুষের কাছে বিনামূল্যে ইন্টারনেট ডাটা ছড়িয়ে দেয়ার কাজ করবে।
এ নেটওয়ার্ক অবকাঠামো তৈরি করা সম্ভব হলে পৃথিবীর সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পৌঁছাবে। এতে কোনো সরকারি বিধিনিষেধ আরোপের সুযোগ বা ফিল্টার করার সুযোগ থাকবে না।
আউটারনেট প্রকল্প নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বেসরকারি সংস্থা মিডিয়া ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড (এমডিআইএফ)। তাদের প্রস্তাব অনুযায়ী, শত শত কিউব স্যাটেলাইট তৈরি করে মহাকাশে পাঠানো হবে এবং সেখানে এ স্যাটেলাইটগুলো একত্রে কাজ করবে। এ নেটওয়ার্ক সিস্টেমের আওতায় মাটিতেও কিছু স্টেশন স্থাপন করা হবে।  এই নেটওয়ার্ক ব্যবস্থায় যে কেউ তার ফোন বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এমডিআইএফ জানিয়েছে, প্রতি ইউনিট কিউব স্যাটেলাইট তৈরি করতে এবং উৎক্ষেপণে ব্যয় হবে ১ থেকে ৩ লাখ মার্কিন ডলার। শিগগিরই এ রকম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। তথ্যানুযায়ী, খরচ ও নানা বিধিনিষেধের কারণে বিশ্বের ৪০ শতাংশ মানুষের কাছে এখনও ইন্টারনেট সুবিধা পৌঁছেনি। এ প্রকল্প বাস্তবায়িত হলে আফ্রিকার দুর্গম জঙ্গলেও পৌঁছে যাবে ইন্টারনেট। (সূত্র: ওয়েবসাইট)