সার্চ জায়ান্ট ইয়াহু সাম্প্রতিক বছরগুলোতে গুগলের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। বলতে গেলে এখন সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বিরাজ করে চলেছে গুগল। এর মধ্যে সার্চ নিয়ে ইয়াহু মাইক্রোসফটের সাথে চুক্তি করলেও তা ইয়াহুর সার্চ সেবায় খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তাই শেষ পর্যন্ত গুগলের সাথেই আবার সার্চ নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে ইয়াহু।
অনেকটা নিভৃতেই এই চুক্তি সম্পাদিত হয়েছে উভয় প্রতিষ্ঠানের মধ্যে। চলতি বছরের তৃতীয় চতুর্ভাগের (জুলাই-সেপ্টেম্বর) জন্য ইয়াহুর আর্থিক বিবরণী থেকে এই তথ্য জানা গেছে। এই বিবরণীতে বলা হয়েছে, অক্টোবরে গুগলের সাথে ইয়াহু সার্চ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে গুগলের কাছ থেকেও সার্চ রেজাল্ট পাওয়ার সুযোগ থাকবে ইয়াহুর জন্য।
মূলত সাম্প্রতিক সময়ের ব্যর্থতাকে অতিক্রম করে আবারও অনলাইনে নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তোলার জন্যই ইয়াহু গুগলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ইয়াহুর এই এগিয়ে আসার বিষয়টি উঠে এসেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ারের সাম্প্রতিক বক্তব্যেও। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ইয়াহু খূব শীঘ্রই তাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনার কথা প্রকাশ করবে যাতে বিভিন্ন ধরনের গ্রাহক সেবার দিকে আরও বেশি নজর দেওয়া হবে।
সম্প্রতি তাদের ইয়াহু মেইলে যুক্ত নতুন ফিচারও তারই প্রমাণ দেয়। ইয়াহু মেইলে যুক্ত নতুন সুবিধার ফলে ইয়াহু মেইল থেকেই অন্যান্য ইমেইল সেবার ইমেইলগুলোর অ্যাকসেস পাওয়া যাবে। তাছাড়া নিরাপত্তা এবং তথ্যের সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে ইয়াহু মেইলে ‘ইয়াহু অ্যাকাউন্ট কি’ নামে নতুন একটি নিরাপত্তা ব্যবস্থাও চালু করা হয়েছে। মারিসা মেয়ার বলেন, ‘প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের সাথে সংশ্লিষ্টতা রেখেই আমাদের সেবাগুলোকে উন্নততর করতে হবে।
এআই





