২০১০ সালে চীনের বেইজিং-এ প্রতিষ্ঠিত হয় মোবাইল প্রস্তুতকারী কোম্পানি জিয়োমি। তবে মাত্র চার বছরেই চীনের মোবাইল বাজারে এক নম্বরে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যানালাইস এর মতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের মোবাইল বাজারে প্রায় ১৪ শতাংশই ছিল জিয়োমির দখলে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জিয়োমির তৈরি স্মার্টফোনের ৯৭ শতাংশই বিক্রি হয় চীনের বাজারে। আর চীনের বাজার এতই বড় যে এশিয়ার এই অর্থনৈতিক পরাশক্তির উপর ভর করেই স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে আর লেনোভোর পর বিশ্বের শীর্ষ পঞ্চম বৃহৎ স্মার্টফোন নির্মাতার স্থানটি দখল করে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

চীনের বাজার জয় করে এবার আন্তর্জাতিক বাজারে নজর দিয়েছে জিয়োমি। এই বছরের মধ্যেই ইন্দোনেশিয়া, রাশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড ও তুরস্কের বাজারে নিজেদের স্মার্টফোনগুলো নিয়ে আসার পরিকল্পনা প্রতিষ্ঠানটির। তবে চীনের বাইরে এখন পর্যন্ত জিয়োমির কোনো পরিচিতি না থাকায় আন্তর্জাতিক বাজারে কতটা সাফল্য অর্জন করতে পারবে তা নিয়ে থাকছে সংশয়।

আন্তর্জাতিক বাজারগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব বিস্তার করাই জিয়োমির জন্য সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছে সিএনএন। “মার্কিনীদের অধিকাংশই স্মার্টফোন ব্যবহারকারী, পাশাপাশি স্মার্টফোনগুলোর ব্র্যান্ডইমেজ নিয়েও সচেতন তারা”- বললেন আইডিসি-র স্মার্টফোন রিসার্চ ম্যানেজার রামন লামাস।

মার্কিন এনালিস্ট প্রতিষ্ঠান কমস্কোর জানিয়েছে, অ্যাপল ও স্যাসসাং মিলিতভাবে দখল করে আছে মার্কিন মোবাইল বাজারের ৬৯ শতাংশ।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই