সেলফি শব্দবন্ধটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কয়েক বছর ধরেই তুমুল জনপ্রিয়। রাষ্ট্রনায়ক, অভিনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এতে ব্যস্ত হয়ে পড়েছে।

আর বিভিন্ন পোজ দিয়ে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করলেই কেল্লাফতে! লাইক, শেয়ার, কমেন্টে ছড়াছড়ি। এহেন সেলফি বিষয়ক একটি খবরই আলোড়ন ফেলে দিয়েছে তামাম দুনিয়ায়।

একটি নয়া সমীক্ষা বলছে, যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন সেলফি পোস্ট করেন, তার মধ্যে নার্সিসিজম বা চূড়ান্ত আত্মপ্রেমের মতো মানসিক রোগের সম্ভাবনা প্রবল।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘ দিন ধরে সমীক্ষা চালিয়েই তাদের রিপোর্ট পেশ করেছেন। একটি মার্কিন জার্নালে প্রকাশিত ওই রিপোর্ট বলছে, যে ব্যক্তির ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটে সেলফি পোস্ট করার প্রবণতা বেশি, তারা আসলে নার্সিসিজম-এর মতো মানসিক রোগগ্রস্থ।

শুধু তাই নয়, রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্যটি হলো, সেলফি পোস্ট করার আগে যে ব্যক্তি বারবার ছবিটি এডিট করেন, তার মধ্যে নার্সিসিজম অতিমাত্রায় থাকার আশঙ্কা রয়েছে।

গবেষক দলের প্রধান জেসে ফক্স-এর কথায়, ‘নিজেকে ভালোবেসেই মানুষ সেলফি পোস্ট করে, এটা কোনো আশ্চর্যের নয়। কিন্তু যারা ঘন ঘন সেলফি পোস্ট করেন, তাদের মধ্যে নিজের শরীর ও নিজেকে প্রচণ্ড ভালোবাসার মতো মানসিক রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে।’

মনোবিদদের মতে, নার্সিসিজম আসলে একটি অসামাজিক ব্যধি। এই মানসিক রোগীরা সাধারণত, যেকোনো পরিবেশ বা পরিস্থিতিতেই সবার সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে থাকে।

এই ধরনের ব্যক্তিদের কাছে অন্য সকলেই তুচ্ছ ও খারাপ হয়। সর্বদাই একটা চোরা হীনমন্যতায় ভোগেন। ফলে অনেক সময় এই ব্যক্তিদের মধ্যে অসামাজিক কাজ করার প্রবণতা দেখা যায়।

এসএইচ