এবারের এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হলিউডি তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গ দেবে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুকের নতুন ডিভাইস ‘মেনশনস বক্স’। সেলিব্রেটিরা ফেইসবুকে ভক্তদের পোস্ট করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মেনশনস বক্স দিয়ে তৈরি ভিডিওতে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের জন্য ‘মেনশনস বক্স’ বানিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা আইস্ট্র্যাটেজি ল্যাবস। দেখতে অনেকটা নিন্টেন্ডোর ‘উই ইউ’ গেইমিং কনসোলের মতো ডিভাইসটি।
এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ডিভাইসটি থাকবে অ্যাকসেস হলিউড প্রতিবেদকদের হাতে। অ্যাকসেস হলিউডের ফেইসবুক পেইজে পছন্দের তারকার উদ্দেশ্যে প্রশ্ন পোস্ট করতে পারবেন ভক্তরা।
রেড কার্পেটে তারকাদের শুধু ডিভাইসটি হাতে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এরপর ডিভাইসটির স্ক্রিনে ভক্তদের যে প্রশ্নটি আসবে, তারকারা সেই প্রশ্নের উত্তর রেকর্ড করবেন একটি ভিডিওতে।
এরপর ওই ভিডিওটির টাইটেল আর ক্যাপশন এডিট করে ফেইসবুকে পোস্ট করে দেবেন ‘মেনশনস বক্সের’ হ্যান্ডলার।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





