ক্রমবর্ধমান স্মার্ট ফোনের বাজারে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬’র ডিসপ্লে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সম্প্রতি তাইওয়ান ভিত্তিক ওয়েবসাইট অ্যাপল ক্লাবে এ সংক্রান্ত ছবি প্রকাশের পর এ আলোচনা হয়।
প্রকাশিত ছবিটি আইফোন-৬’র ফ্রন্ট প্যানেল বলে ধারণা করছেন অনেকেই। প্যানেলের মধ্যে আরও কিছু উপাদান সংযুক্ত থাকতে দেখা যায় ছবিটিতে।
তবে এর ডিসপ্লেতে গ্লাস নাকি শ্যাপিয়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে তা প্রকাশিত ছবি দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এছাড়া এ বিষয়ে অ্যাপলের কোনো মন্তব্য করেনি।
আগামী ৯ সেপ্টেম্বর আইফোন-৬ বাজারে আসার কথা বলে ইতোপূর্বে ধারনা করা হচ্ছিল। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সম্প্রতি ম্যাক এবং অ্যাপল বিষয়ক সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানায়, আগামী অক্টোবরের আগে বাজারে আসছে না আইফোন-৬। আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ১৪ অক্টোবর মঙ্গলবার এটি বাজারে আনছে।
অ্যাপলের সিনিয়র স্টোর লিডারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১৪ অক্টোবর অ্যাপলের জন্য একটি খুবই বড় দিন। পুরো মাসটিতেই স্টোরস ও কোম্পানি খুবই ব্যস্ত থাকবে।
৬৪-বিট এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮।
২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে অ্যাপল।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





