ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা নতুন কিছু নয়, বিশেষ করে অ্যাপলের সঙ্গে স্যামসাং অনেকদিন ধরেই শেষহীন এক আইনী যুদ্ধ লড়ছে।
আর এবার স্যামসাং আরেক আইনী লড়াইয়ের মুখোমুখি। যুক্তরাষ্ট্রের শিকাগোর ফেডারেল আদালতে স্যামসাংয়ের বিরুদ্ধে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগ, নিউইয়র্ক টাইমস পত্রিকায় স্যামসাং তাদের নতুন প্রযুক্তির টেলিভিশনের যে বিজ্ঞাপনটি দিয়েছে, সেই বিজ্ঞাপনে ঠিক পেলের মতোই দেখতে এক ব্যক্তির ছবি ব্যবহার করেছে। এমনকি বিজ্ঞাপনে আরেকটি দৃশ্যে রয়েছে, ওই ব্যক্তি ফুটবলে কিক মারছে আর কিক মারার সেই স্টাইলটিও পেলের বিখ্যাত স্টাইল।
বিজ্ঞাপনে পেলের নাম ব্যবহার করা না হলেও, ফুটবল কিংবদন্তির দাবি, ‘যে কারো কাছেই মনে হবে ব্যক্তিটি পেলে। অথচ স্যামসাং তার কোনো অনুমতি নেয়নি।’
এই বিজ্ঞাপনের ফলে তার ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন পেলে। মামলার অভিযোগ নিয়ে স্যামসাং এখনো কোনো বক্তব্য দেয়নি।
এম আর





