বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি গ্রোভ আর নেই।

সোমবার যুক্তরাষ্ট্রে ৭৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ প্রকাশ হয়নি। তবে দীর্ঘদিন ধরেই তিনি পারকিনশন ও মুত্রথলির ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

অ্যান্ডি গ্রোভ ছিলেন ইন্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৬৮ সালে রবার্ট নয়েস, গর্ডন মুর এবং অ্যান্ডি গ্রোভ মিলে প্রতিষ্ঠা করেন ইন্টেল কর্পোরেশন।

ইন্টেল কম্পিউটার প্রসেসর তৈরির পাশাপাশি মাদারবোর্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, ইন্ট্রিগ্রেটেড সার্কিটসহ অন্যান্য পণ্যের জন্য শীর্ষ ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত।

অ্যান্ডি গ্রোভ ১৯৭৯ থেকে ৮৭ সাল পর্যন্ত ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টেলকে প্রসেসর জায়ান্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অ্যান্ডি গ্রোভের ভূমিকা ছিল অগ্রগণ্য।

আশি এবং নব্বইয়ের দশকে সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তির সমার্থক নাম ছিলেন তিনি। কম্পিউটার ইন্ডাস্ট্রিতে বিপ্লব সাধনের জন্য ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিন অ্যান্ডি গ্রোর্ভকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করে।

গতবছর ভেঞ্চার ক্যাপিটালিস্ট বেন হরউইজ ‘দ্য ম্যান হো বিল্ট সিলিকন ভ্যালি’ (সিলিকন ভ্যালি যার হাতে তৈরি হয়েছিল) এবং ‘সর্বশ্রেষ্ঠ জীবিত সিইও’ হিসেবে অভিহীত করেন অ্যান্ডি গ্রোভকে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইন্টেলের বর্তমান সিইও ব্রায়ান ক্র্যানিশ বলেন, ‘অ্যান্ডি অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এবং তিনি প্রজন্মের প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আইডল ছিলেন।

অ্যান্ডি গ্রোভের মৃত্যুতে অ্যাপলের সিইও টিম কুকসহ বিভিন্ন প্রযুক্তি ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন।

এম আর