যারা গেমের দারুণ ভক্ত তারা ট্যাবলেটে গেম খেলে নাকি মোটেই মজা পান না। কারণ ট্যাবগুলো নাকি সিরিয়াস গেমারদের জন্য তৈরি হয় না। তবে এনভিডিয়া এই চ্যালেঞ্জ হাতে নিয়েছে এবং তারা একটি নতুন শিল্ড ট্যাবলেট তৈরি করেছে।
যেকোনো উচ্চমানসম্পন্ন গেম খেলার পাশাপাশি একটি কন্ট্রোল ব্যবহার করেও গেম উপভোগ করতে পারবেন। সেইসঙ্গে 'টাইটানফল'কে বোনাস হিসেবে সংযুক্ত করা হয়েছে।
দারুণ এই ট্যাবের পর্দা ৮ ইঞ্চি যা ১৯২০x১০৮০ পিক্সেল এইচডি ছবি দেখাবে। খোলসের ভেতরে আছে টেগরা কে১ ২.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ২ গিগাবাইট র্যা ম। একটি নিরেট খোলসের ভেরতে সব সংরক্ষিত। আপাতত ১৬ জিবি ওয়াই-ফাই সংস্করণ পেতে পারেন গেমাররা। আর ৩২ জিবির ৪জি এলটিই নিয়ে গবেষণা চলছে।
এই শিল্ড ট্যাবলেটের পুরোটা উপভোগ করতে হলে একটি ওয়্যারলেস শিল্ড কন্ট্রোল কিনতে হবে যার মূল্য ধরা হয়েছে ৫৯.৯৯ ডলার। কন্ট্রোলটির ডিজাইন চমৎকার। এতে আছে টাচ প্যাড যাতে ভয়েস কমান্ডের জন্য মাইক্রফোন সংযুক্ত রয়েছে। এ ছাড়া দ্রুত ভলিউম এবং অ্যান্ড্রয়েড সিস্টেম পরিচালনার জন্য কুইক বোতাম রয়েছে।
শিল্ড ট্যাবটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। অর্থাৎ গুগল প্লে থেকে অ্যাপ নামাতে পারবেন। এর কন্ট্রোলের মাধ্যমে গোটা ট্যাব ব্যবহার করা যাবে। তবে যারা গেমার তারা এই ট্যাবের জন্য লাইনে দাঁড়াতে পারেন।
গেম খেলাকে আরো সহজ করতে ট্যাবকে টেলিভিশনে সংযুক্ত করা যাবে এবং একে 'কনসোল মোড'-এ আনা যাবে। একের অধিক শিল্ড কন্ট্রোলার এতে যুক্ত করা যাবে।
তবে সবকিছুর শেষে অ্যাপলের মিনি আইপডের সঙ্গেও তুলনা করা যায় না শিল্ডকে। এনভিডিয়া তুলনীয় করে বানানোর চেষ্টাও করেনি। এটি শুধুমাত্র হেভি গেম খেলার জন্য বানানো হয়েছে। 'টাইটানফল', 'টাইটান ২' এবং 'বায়োশক ইনফিনিট' এর মতো গেম শিল্ডে খুব সহজেই খেলা যাবে যা আইপ্যাডেও সম্ভব নয়। তা ছাড়া যারা গেমার তারা আইপ্যাডের অ্যাপের প্রতিও আকৃষ্ট নন। তারা এসব কাজ কম্পিউটারেই করে থাকেন। তাই গেমাররা যা চান তাই দেওয়া হয়েছে এখানে।
'স্ট্রিম টু টুইচ' এর মাধ্যমে গেম খেলা বা ভিডিও সবকিছুই ব্রডকাস্ট করা যাবে।
বিশেষজ্ঞদের মতে, ট্যাবলেট উপভোগ করতে হলে অ্যাপলই সেরা। কিন্তু শিল্ড ট্যাব সেরা শুধুমাত্র গেমারদের জন্য।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





