সৌরজগতের বাইরে আবিষ্কৃত নতুন কোনো গ্রহের নাম দিতে চান? তাহলে ভোট দিন। আপনার সেই ভোটেই নির্ধারিত হবে কোনো গ্রহের নাম। এই প্রথমবারের মতো গ্রহ-নক্ষত্রের নামকরণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়ন (আইএইউ) নতুন গ্রহগুলোর নাম নির্বাচনে সাধারণ মানুষের ভোট আহবান করেছে।

আইএইউ চলতি সপ্তাহে ‘নেমএক্সোওয়ার্ল্ড’ নামে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। এতে সাধারণ মানুষ বিভিন্ন গ্রহের জন্য নাম প্রস্তাব করবে এবং পছন্দের নামে ভোট দেবে। এভাবেই সৌরজগতের বাইরের ২০ থেকে ৩০টি গ্রহের নাম নির্বাচন করা হবে। ২০১৫ সালের আগস্টে চূড়ান্ত নামগুলো ঘোষণা করা হবে।

এখন পর্যন্ত জ্যোতির্বিদেরা সৌরজগতের বাইরে অন্তত এক হাজার ৮০০টি গ্রহের খোঁজ পেয়েছেন। এসব গ্রহকে বিভিন্ন ইংরেজি বর্ণ ও সংখ্যা দিয়ে (যেমন: OGLE-05-390L b বা HD 69830 d) শনাক্ত করা হয়। ব্যাপারটি সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য এবং অজনপ্রিয়।
ব্যক্তিগত উদ্যোগে গত বছর একটি ওয়েবসাইট খোলা হয়, যেখানে মানুষ নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে কোনো গ্রহের জন্য তাঁর পছন্দের নাম প্রস্তাব করতে পারতেন। ওই ওয়েবসাইটে একটি নাম প্রস্তাব করতে প্রায় পাঁচ মার্কিন ডলার লাগত। আর কোনো নামের ওপর ভোট দিতে লাগত প্রায় এক ডলার। তবে ওই উদ্যোগের সঙ্গে আইএইউর কোনো সংশ্লিষ্টতা ছিল না।

মহাকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্রের নামকরণের দায়িত্ব ১৯১৯ সাল থেকে পালন করে আসছে আইএইউ। এই কাজে সংগঠনটি সব সময়ই কিছু নিয়ম কঠোরভাবে মেনে আসছে। তবে গত বছর তাদের কঠোর নীতি কিছুটা শিথিল করা হয়। তখন প্লুটোর দুটি চাঁদের নামকরণ নিয়ে আবিষ্কারকদের সঙ্গে আইএইউর মতবিরোধ হয়।
সাধারণ মানুষের ভোটে একটি নাম ‘ভলকান’ দেওয়া হলে আইএইউ এতে ভেটো দেয়। তবে সাধারণ মানুষের উৎসাহের পরিপ্রেক্ষিতে সংগঠনটি পরবর্তী সময়ে সৌরজগতের বাইরের গ্রহ-নক্ষত্রের জন্য সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার ঘোষণা দেয়। তবে এ ক্ষেত্রে তারা কিছু নিয়ম বেঁধে দিয়েছে।

নিয়ম অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বরে জ্যোতির্বিদ্যা-সংশ্লিষ্ট কিছু সংগঠন ও অলাভজনক প্রতিষ্ঠান একটি ওয়েবসাইটে ২০ থেকে ৩০টি গ্রহের জন্য নাম প্রস্তাব করবে। পরে এসব নামের ওপর সাধারণ মানুষ ভোট দেবেন। নির্বাচিত নামগুলো আগামী বছর আগস্টে হাওয়াইয়ে অনুষ্ঠেয় আইএইউর সম্মেলনে ঘোষণা করা হবে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই