তিন বছরের পুরানো ইমেইল সেবা বন্ধ করে দিয়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। ইমেইল সেবা নিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে সাড়া না পাওয়ায় অনেকটা চুপিসারেই তা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা যায়।
ফেইসবুক তার ব্যবহারকারীদের ‘@facebook.com’ এই ইমেইল অ্যাড্রেসটি চালু করেছিল ২০১০ সালে। ফেইসুবক কর্মকর্তাদের আশা ছিল, ফেইসবুক মেসেজ ছাড়াও এসএমএস এবং ইমেইল আদান প্রদান করতেও ওই ঠিকানাটি কাজে লাগাবেন ফেইসবুকের ব্যবহারকারীরা।
তবে নতুন ইমেইল অ্যাড্রেস নিয়ে উল্টো বিপাকে পড়েছিল ফেইসবুক। ২০১২ সালে ব্যবহারকারীদের প্রোফাইলে পাবলিশ করা ব্যক্তিগত ইমেইল অ্যাড্রেস বদলে ‘@facebook.com’ করে দিয়ে ব্যাপক রোষের মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি।
বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, ‘@facebook.com’ ইমেইল অ্যাড্রেসটি বন্ধ করে দেওয়ার খবর নিশ্চিত করেছেন এক মুখপাত্র। বেশিরভাগ ফেইসবুক ইউজার ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার না করার কারণে এটি বন্ধ করে দেওয়ার কথাও নিশ্চিত করেছেন তিনি।
ফেইসবুকের ইমেইল অ্যাড্রেসে পাঠানো ইমেইলগুলো এখন সরাসরি চলে যাবে ব্যবহারকারী ফেইসবুক অ্যাকাউন্ট খুলতে যে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেছিলেন সেটিতে। মে মাসের মধ্যেই পুরো ব্যবস্থাটি কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।
[b]ঢাকা, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]