আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার পূর্ণ চন্দ্র গ্রহণ ঘটনা ঘটবে। ওই দিন বাংলাদেশ মান সময় ভোর ৬টা ১০ মিনিট ১৮ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে বাংলাদেশ মান সময় ১১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ডে উপচ্ছায়া হতে বের হয়ে আসবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ৬ মিনিট ৪৮ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে বাংলাদেশ মান সময় ১০টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। বাংলাদেশ মান সময় সকাল ৮টা ১০ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় সকাল ৯টা ২৩ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।

চন্দ্রের সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৮টা ৪৭ মিনিট ৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.২৮২। ওই দিন বাংলাদেশে সকাল ৫টা ৩০ মিনিট হতে সকাল ৬টার মধ্যে চন্দ্রাস্ত ঘটলেও ২৮ সেপ্টেম্বর এদেশে গ্রহণটি দেখা যাবে না।

আইএসপিআর আরও জানায়, আইভরি কোস্টের টাবুউ শহরের দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪২ মিনিট ৫৪ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত উপচ্ছায়ায় প্রবেশ করবে।

আর ইকুয়েডরের টুমাকো বন্দরের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৮ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ বারের মত উপচ্ছায়া হতে বের হয়ে আসবে।

ঘানার আক্রা শহরের দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪৭ মিনিট ২৯ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত প্রচ্ছায়ায় প্রবেশ করবে।

অন্যদিকে ব্রাজিলের উত্তর-পশ্চিম প্রান্তে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৫ মিনিট ০৫ সেকেন্ডে শেষবারের মত প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে।

ব্রাজিলের নাটাল শহরের উত্তরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪৯ মিনিট ৫৪ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ আরম্ভ হবে।

অন্যদিকে ব্রাজিলের উত্তর প্রান্তে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫২ মিনিট ৩৮ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

ব্রাজিলের সাও লুইসের উত্তরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৩ মিনিট ৪২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই সর্বোচ্চ গ্রহণের মাত্রা হবে ১.২৮২।

এমএ/ এআর