অপরিচিত মানুষদের তুলনায় বন্ধুদের মধ্যে গড়ে ০.১ শতাংশ বেশি জিনগত মিল থাকে বলে জানিয়েছেন দুই মার্কিন গবেষক। ওই একই পরিমাণ জিনগত মিল পাওয়া যায় দুর-সম্পর্কের আত্মীয়দের মধ্যেও।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগোর জিনতত্ব ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক জেমস ফাওলার এবং ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক নিকোলাস ক্রিস্টাকিস মিলে ‘ফ্রেমিংহাম হার্ট স্টাডি’ গবেষণা থেকে সংগ্রহ করা জেনেটিক ডেটার উপর এ বিষয়ে গবেষণা চালান।
যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরের প্রায় ২০০০ অধিবাসীকে নিয়ে করা হয় গবেষণাটি, বিশ্লেষণ করা হয় প্রায় ৫ লাখ জিনোম। তবে ওই গবেষণার ফলাফল কতটা সঠিক সে বিষয়ে গবেষকদের মধ্যেই মত-বিভেদ আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
‘‘অংশগ্রহনকারীদের মধ্যে কোনো প্রকার পারিবারিক সম্পর্ক না থাকলেই এ ধরনের গবেষণাকে সফল বলা যায়’’ বলেন, ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক ইভান চার্নি। তবে এই বিষয়টি নিশ্চিত করাটা সহজ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





