প্রযুক্তির বাজারে রটে গিয়েছিল শরতের শুরুতেই বাজারে আসছে অ্যাপেলের নতুন প্রযুক্তির ঘড়ি আইওয়াচ। কিন্তু নতুন একটি প্রতিবেদন বলছে, নভেম্বরের আগে এটি বাজারে মিলবে না।প্রযুক্তি বাজার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কেজিআইয়ের নিরাপত্তা বিশ্লেষক মিং-চি কু এ খবরের উৎস। তাকে ধরা হয় অ্যাপেলের পণ্য সম্পর্কিত তথ্যের বিশ্বস্ত সূত্র।
তিনি জানাচ্ছেন, শিগগিরই ঘড়িটি বাজারে আসছে না। নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কিছু কাজ এখনও বাকি আছে। মিং আরও জানিয়েছেন, আইফোন-৬ এর বড় সংস্করণ এ বছর বাজারে আসছে না।
অ্যাপেল ইনসাইডে তিনি লিখেছেন, সেপ্টেম্বরের শেষ দিকে ব্যাপক উৎপাদনে যাওয়ার কথা থাকলেও তা নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে পিছিয়ে নেওয়া হয়েছে। এ জন্য ঘড়ি বিক্রির লক্ষেও কিছুটা পরিবর্তন এসেছে। আশা করা হচ্ছে, ৩ মিলিয়ন ইউনিটের ৪০ ভাগ শিপমেন্ট হবে এ বছর।
তবে শরতে বাজারে আনার লক্ষ্য থেকে সরে গিয়ে কিছুটা সমস্যায় পড়বে অ্যাপল। তার মতে, উৎপাদন ও বিপণনের জন্য নভেম্বরের চেয়ে শরতই ভালো সময়।
বলা হচ্ছে, নতুন এ ডিভাইসে থাকবে ফ্ল্যাক্সিবল অ্যামোলেড ডিসপ্লে ও সাপির কভার গ্লাস। এ ধরনের ডিসপ্লে এ প্রথম ব্যবহৃত হচ্ছে। ওয়াটারপ্রুফ এ ঘড়ির ছোট স্ক্রিনের জন্য আইওএস প্রযুক্তিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।
তবে সবচেয়ে বড় কথা হলো এর জন্য ক্রেতাদের অপেক্ষা সহসা ফুরাচ্ছে না।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





