তথ্য ও চিত্র দ্রুত আদান-প্রদানের এই যুগে বাংলাদেশও বসে নেই। দেশের প্রতিটি শহর ও গ্রামাঞ্চলকে পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বিকালে নাটোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে (বার ভবনে) দ্রুত গতির ওয়াইফাই প্রযুক্তির ইন্টারনেট সংযোগ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বায়নের এই যুগে একমাত্র তথ্য প্রযুক্তিই পারে বিশ্বকে হাতের মুঠোয় এনে দিতে।
ওয়াইফাই চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার এবং বিটিসিএল-এর মহাব্যবস্থাপক দীপক কুমার বিশ্বাস।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





