বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) দ্বিবার্ষিক নির্বাচন ২০১৪-১৫-তে সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী হয়েছে বেটার বিজনেস অ্যান্ড বিসিএস (বিবিঅ্যান্ডবি) প্যানেলের ছয় প্রার্থীসহ একজন স্বতন্ত্র প্রার্থী।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় তলায় সেমিনারকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৩৩ ভোটারের মধ্যে ভোট দেন ৫৯৮ জন। সাতটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ১৩জন।
স্বদেশ রঞ্জন সাহার নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন খন্দকার আতিক-ই-রব্বানী এবং কামরুল ইসলাম। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন শাফকাত হায়দার, এস কবির আহমেদ এবং একেএম শামসুল হুদা। নির্বাচনে মাত্র ২৫ মিনিটে ভোট গণনার কাজ পরিচালনা করেন অন্যরকম সফটওয়্যার।
নির্বাচনে সর্বোচ্চ ৪১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ মুহাম্মদ মাহফুজুল আরিফ। এছাড়া বিবিঅ্যান্ডবি প্যানেলের সদস্য শফিক উদ্দীন আহমেদ পান ৪০৫ ভোট, কাজী শামছুদ্দীন আহমেদ লাভলু ৪০২ ভোট, মজিবুর রহমান স্বপন ৩৬৯ ভোট, নজরুল ইসলাম মিলন ৩৩৫ এবং আলী আশফাক ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম ওয়াহিদুজ্জামান ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কমিটির পদ বন্টন করা হয়।
ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই