ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার বর্ণাঢ্য প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করবেন।

২৬ মে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠানে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বিসিএসের সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন।

অনুষ্ঠানে বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন, যুগ্ম-মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান, পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদসহ বিসিএসের সদস্যবৃন্দ ও তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তথ্যপ্রযুক্তির শতাধিক দেশী-বিদেশী প্রতিষ্ঠান ও বাংলাদেশ সরকারের ১০টিরও বেশি মন্ত্রণালয়/সেবা প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির হালনাগাদ সংস্করণের প্রযুক্তিপণ্য এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সরকারি-বেসরকারি সেবা প্রদর্শন করা হবে এতে। ‘মেড বাই বাংলাদেশ’ ধারণাও উপস্থাপন করা হবে প্রদর্শনীতে।

প্রদর্শনী চলাকালে মেলা প্রাঙ্গনে তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ প্রসঙ্গে ১০টির বেশি সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজন থাকছে ‘ভবিষ্যৎ উদোক্তা ফোরাম’ শীর্ষক বিশেষ সম্মেলনের।

প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন থাকছে।

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য এ প্রদর্শনী থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজন এবারই প্রথম। প্রদর্শনীতে আরো থাকছে উৎসবমূখর ইভেন্ট কর্নার। যেখানে সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পন্সর আওয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে।

প্রদর্শনীতে থাকবে মেগা সেল জোন, ফলে মূল্য ছাড়, উপহারসহ বিভিন্ন আকর্ষণীয় অফারে প্রযুক্তি পণ্য কেনাকাটা করা যাবে।

প্রদর্শনীর তথ্য নিয়ে বিশেষ ওয়েব পোর্টাল (www.ictexpo.com.bd) উন্নয়ন করা হচ্ছে। খুব শিগগির এতে প্রদর্শনীর প্রায় সব আয়োজনের বিস্তারিত তথ্য থাকবে। ফেসবুকেও তথ্য পাওয়া যাবে www.facebook.com/BangladeshICTexpo ঠিকানায়।

এমকে