মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় আইপ্যাড ট্যাবলেটের পরের মডেলটিতে নাকি থাকবে ১২.৯ ইঞ্চির স্ক্রিন। অ্যাপলের সাপ্লায়ারদের বরাত দিয়ে ব্লুমবার্গ আর নিউ ইয়র্ক পোস্টের মতো সাইটগুলো জানিয়েছে, নতুন আইপ্যাডগুলোর নির্মাণ কাজ শুরু হবে ২০১৫ সালে।
অ্যাপল যদি সত্যিই ১২.৯ ইঞ্চি স্ক্রিণের আইপ্যাড বাজারজাত করে তবে সেটা বর্তমান বাজারে প্রচলিত আইপ্যাড তো বটেই, শীর্ষ প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সারফেস থ্রি ট্যাবলেটের থেকেও প্রায় ১ ইঞ্চি বড় হবে।
মাইক্রোসফট সারফেস থ্রি ট্যাবলেট বাজারজাত করে থাকে কিবোর্ড সহ। মূলত কর্পোরেট ক্রেতারাই কিনে থাকেন মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ ট্যাবলেটটি।
আইফোন আর ম্যাক কম্পিউটারের বিক্রি বাড়লেও সর্বশেষ আর্থিক বছরে আইপ্যাডের বিক্রি কমেছে ৯ শতাংশ। এমন অবস্থায় একটি ডেস্কটপ কম্পিউটারের সমকক্ষ ‘সুপার ট্যাবলেট’ বাজারজাত করলে সেটা স্রোতের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছে নিউ ইয়র্ক পোস্ট।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





