ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম স্কাইপি। চ্যাট প্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল। জনপ্রিয়তায় স্কাইপিকে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে নিয়ে যেতে মাইক্রোসফট এবার স্কাইপিতে নিয়ে আসছে রিয়েল-টাইমে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করার ফিচার।
এ ফিচারটির মাধ্যমে স্কাইপিতে ভাষা ট্রান্সলেশন সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনি যে ভাষারই হোন না কেন, স্কাইপি ট্রান্সলেটর নামে রিয়েল টাইমে ভাষান্তর করে অন্য ব্যবহারকারীদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, এই ফিচারটির ফলে বিশ্বের যে কারো সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভাষা আর বাঁধা হয়ে দাড়াবে না।
স্কাইপি ট্রান্সলেটর নামে রিয়েল টাইমে ভাষান্তর করার এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানা গেছে। তবে এই সেবাটি ব্যবহারের জন্য কোনো খরচ লাগবে কি না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।
এ বছরের শেষের দিকে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফিচারটি পাবেন স্কাইপি ব্যবহারকারীরা।
বিনামূল্যে ভিডিও কল করা, ভয়েস কল এবং এসএমএস পাঠানোর সুবিধাযুক্ত স্কাইপি যাত্রা শুরুর পর থেকেই ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়। ব্যক্তিগত যোগাযোগে প্রতিদিন বাড়ছে স্কাইপির ব্যবহার। বর্তমানে সারা বিশ্বে প্রতি মাসে ৩০ কোটি মানুষ স্কাইপি ব্যবহার করে থাকে। রয়টার্স।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]