মঙ্গল গ্রহের ব্যাপারে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। আর সে আগ্রহের কারণেই এবার নাসা পরীক্ষা চালিয়েছে নতুন প্রযুক্তি 'ফ্লাইং সসার'-এর। পৃথিবীর প্রতিবেশী এ গ্রহের ভূ-প্রকৃতি কেমন? গ্রহটি আদৌ মানুষের বসবাসের উপযোগী কিনা- তা নিয়ে বহু দিন থেকেই চলছে জল্পনা-কল্পনা। আর এবার সেই জল্পনার জট খুলতে সাহায্য করবে নাসার নতুন এই প্রযুক্তি। যার সাহায্যে মঙ্গলে সহজে ও নিরাপদে নভোচারীরা অবতরণ করতে পারবেন।
নাসার দাবি, এই পরীক্ষা থেকে যে তথ্য পাওয়া গেছে তা তাদের আগামী দিনগুলোতে মঙ্গলে আরও ভারি জিনিস পাঠাতে সাহায্য করবে। নাসার এই পরীক্ষা যানের নাম দেয়া হয়েছিল 'লো ডেনসিটি সুপারসনিক ডিসেলারেটর'। রকেট মোটরের সহায়তায় শব্দের চেয়েও চারগুণ দ্রুতগতিতে যানটি নিক্ষেপ করা হয়েছিল। যানটি ১ লাখ ২০ হাজার ফুট উপরে পৌঁছতে মাত্র দুই ঘণ্টা সময় নিয়েছিল বলে জানায় নাসা।
শনিবার ১৫ কোটি মার্কিন ডলারের পরীক্ষাটি চালানো হয়। হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াইয়ের একটি সামরিক ঘাঁটি থেকে যানটি ওড়ার পর নেমে আসার সময় প্যারাসুটে জট পাকিয়ে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। তা সত্ত্বেও প্রকৌশলীরা এটাকে ব্যর্থতা হিসেবে না দেখে ইতিবাচক হিসেবেই দেখছেন। ভবিষ্যতের পরীক্ষাগুলোতে এটা অনেক সাহায্য করবে বলে মনে করছেন তারা।
যানটির 'ব্লাকবক্স' খুঁজতে এরই মধ্যে একটি জাহাজ রওনা হয়েছে। ব্ল্যাকবক্সে এমন কিছু তথ্য আছে, যা বিশ্লেষণ করে দেখতে চান বিজ্ঞানীরা। তাদের ধারণা, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।
আগামী বছর হাওয়াই থেকেই আরও দুটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার। সূত্র : ডি ডব্লিউ
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





