একত্রে আইফোন ও আইপ্যাডের জন্য ব্যবসা-কেন্দ্রিক অ্যাপ তৈরি করবে অ্যাপল এবং আইবিএম। এক আনুষ্ঠানিক ঘোষণায় অ্যাপল ও আইবিএম বিষয়টি নিয়ে ব্যবসায়িকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বলেই জানিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাপল ও আইবিএম এই চুক্তির ফলাফল হিসেবে শতাধিক সমস্যার নতুন সমাধান নিয়ে আসার প্রত্যাশা জানিয়েছে ঘোষণায়।

চুক্তির একটি অংশ হিসেবে আইবিএম তার ব্যবসায়িক গ্রাহকদের কাছে আইফোন বিক্রি করবে এবং ওই আইফোনগুলোতে নতুন সফটওয়্যারগুলো প্রি-ইনস্টল করা থাকবে। তবে এবারই প্রথম নয়, আগেও আইবিএম আইওএসের জন্য সোশাল নেটওয়ার্ক, ইমেইল ও অন্যান্য প্রোগ্রামে চ্যাট শেয়ার প্ল্যাটফর্মভিত্তিক বিভিন্ন সেবা দিয়ে আসছে।

তবে এই চুক্তি প্রসঙ্গে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, চুক্তিটি কতটা অর্থপূর্ণ হবে তা এতো স্বল্পসময়ে বলা সম্ভব নয়। গার্টনারের প্রযুক্তি পরামর্শের বিশেষজ্ঞ কেন ডুলেইনি বলেছেন, “আরও বিস্তারিত তথ্য ছাড়া এ বিষয়ে পাকা মন্তব্য করা কঠিন। অজানা তথ্যের মধ্যে অ্যাপটি কী ধরনের কাজ করবে ও প্রতিষ্ঠান দুটি কোন ধরনের আর্থিক সমঝোতায় এসেছে সেসব বিষয়ও রয়েছে।”

অন্যদিকে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণার পর, অ্যাপলের শেয়ার ১.৫ শতাংশ ও আইবিএমের শেয়ার ১.৮ শতাংশ বেড়েছে বলেই জানিয়েছে বিবিসি।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই