ভয়েস নিয়ে ব্ল্যাকবেরি ‘সিরিয়াস' অ্যাপলের জনপ্রিয় ভয়েস-এনাবলড অ্যাসিস্ট্যান্ট সিরির পথ অনুসরণ করে এবার নিজেদের ভয়েস-এনাবলড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ নিয়ে এসেছে ব্ল্যাকবেরি। কানাডিয়ান প্রতিষ্ঠানটি নতুন অ্যাপ উন্মোচন করেছে বুধবার ।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ভয়েস কমান্ডের পাশাপাশি কিবোর্ড কমান্ডেও সাড়া দেবে ব্ল্যাকবেরির অ্যাপটি। ব্ল্যাকবেরি পাসপোর্ট স্মার্টফোনে বিল্ট-ইন অ্যাপ হিসেবে থাকবে এটি। নতুন অ্যাপ নিয়ে এক ব্লগ পোস্টে ব্ল্যাকবেরির সোশাল মিডিয়া মার্কেটিং প্রধান ডনি হ্যালিওয়েল বলেন, “গাড়ি চালানোর সময় আমি বললেই আমাকে মেইল পড়ে শোনাবে অ্যাপটি। ‘মার্ক আনরিড’ বললে আনরিড হিসেবেও মার্ক করে রাখবে মেইল। ভয়েস কমান্ডের মাধ্যমে রিমাইন্ডার নোটও তৈরি করবে অ্যাপটি।” অ্যাপটির সম্পূর্ণ কার্যক্ষমতা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ব্ল্যাকবেরি।

তবে ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য অ্যাপ লঞ্চ করতে পারবে ব্ল্যাকবেরির ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ডিভাইস সেটিংয়েও পরিবর্তন আনা যাবে।

স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে গত কয়েক বছরে ক্রমাগত পিছিয়ে পরেছে ব্ল্যাকবেরি। নিম্নমুখী আয় আর বারবার কর্মী ছাটাই করে অনেকটাই দুর্বল হয়ে পরেছে একসময় একচ্ছত্র আধিপত্য করে বেড়ানো প্রতিষ্ঠানটি। প্রতিযোগীদের সঙ্গে দূরত্ব কমাতে ব্ল্যাকবেরি স্মার্টফোন ক্রেতাদের সম্প্রতি অ্যামাজনের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রোডাক্ট লাইনআপে যোগ হয়েছে ব্ল্যাকবেরি পাসপোর্ট স্মার্টফোন। তারপরও ব্ল্যাকবেরি তার আগের অবস্থানে ফিরে যেতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকছেই। ঢাকা, ১৭ জুলাই

(টাইমনিউজবিডি.কম) // জেআই