খুব শিগগিরই হয়ত টুইটারেই পছন্দের জিনিস কেনার সুযোগ পেতে যাচ্ছেন মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারকারীরা।

একাধিক প্রযুক্তিবিষয়ক সাইট আর সম্প্রতি এক ই-কমার্স সাইটের টুইটার অ্যাকাউন্টে ‘বাই’ বাটনটির উপস্থিতি ইঙ্গিত করছে এমনটাই।

সম্প্রতি এক প্রতিবেদনে এ বছরেই টুইটারে ‘বাই’ বাটন যোগ হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট রিকোড। ওই প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের ই-কমার্স কেন্দ্রিক সেবা দিতে অনলাইন পেইমেন্ট সেবাদাতা স্ট্রাইপের সঙ্গে জোট বাঁধছে টুইটার।

রিকোড ও সিনেটের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের টুইটের সঙ্গেই থাকবে ‘বাই’ বাটনটি। নতুন সেবাটির বদৌলতে টুইটার থেকে লগ আউট না করেই পছন্দের জিনিস কেনা, অনলাইন পেইমেন্ট এবং শিপিং ইনফর্মেশন দেওয়ার মতো কাজগুলো সেরে নেওয়া যাবে। আর মাইক্রোব্লগিং সাইটটির মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি সুবিধাও পাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি টুইটার বা স্ট্রাইপ কর্তৃপক্ষ।

টুইটারের ‘বাই’ বাটনটি প্রথম চোখে পড়ে জুন মাসে, সামাজিক ই-কমার্স সাইট ফ্যান্সির টুইটে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কেনা বেচার ধারাটি এখনও অনেকটাই নতুন। তবে এই ধারার প্রচলনটা ক্রমশ বাড়ছে।

এরমধ্যেই টুইটারের মাধ্যমে ই-কমার্স সেবা দেওয়া নিয়ে পরীক্ষা মূলক পর্যায়ের কাজ শুরু করে দিয়েছে ইন্টারনেট এর সর্ববৃহৎ ইকমার্সসাইট আমাজন ডটকম।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই