সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রযুক্তিপণ্য উৎসবের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, গত পাঁচ বছর ধরে তথ্যপ্রযুক্তিতে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে আইটিইউ অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড, গার্টনার এবং সর্বশেষ এ.টি কারনি তদের জরিপে বাংলাদেশকে সম্মানজনক স্বীকৃতি দিয়েছে।

পলক বলেন, সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল সংযোগ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে। যেখান থেকে সাধারণ জনগণ সবধরনের সেবা পাবেন।

তিনি আরও বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে হাইটেক পার্ক ও সফটওয়্যার পার্ক প্রতিষ্ঠা, ই-লার্নিং ব্যবস্থাকে তৃণমূলে পৌঁছে দেওয়া, প্রতিটি স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব ও স্মার্ট ক্লাসরুম তৈরি করা, সারা দেশে তৃণমূল পর্যায়ে লক্ষাধিক হটস্পটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করে দেওয়ার মতো অনেক কিছুই বাস্তবায়ন করেছি এবং সে পথে এগিয়ে যাচ্ছি।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ