স্মার্টফোন আর সামাজিক যোগাযোগের মাধ্যমের যুগে প্রচলিত সোশাল মিডিয়া অ্যাপের তালিকায় যোগ হয়েছে ব্যতিক্রমী অ্যাপ ‘সোবার’। কাজে সোশাল মিডিয়া অ্যাপ তো কী হয়েছে! ২৪ ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ব্যবহারকারীর সব পোস্ট। টেক্সট মেসেজ, শেয়ার করা ফটো আর ভিডিও মুছবে সেকেন্ডের ব্যবধানে!
সোশাল মিডিয়া বললেই প্রথমেই যে নামটি মনে পরে সেটা হল ফেইসবুক। তবে সোজা কথায় বললে একেবারেই ফেইসবুকের উল্টো সোবারের ফিচারগুলো।
জিপিএস প্রযুক্তির বদৌলতে কাছাকাছি থাকা ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ করিয়ে দেবে সোবার। দেখা যাবে একে অপরের পোস্টগুলো। ‘চিয়ার’ আর কমেন্টও করা যাবে পোস্টগুলোতে। আর দুজনের মধ্যে ভাব বনলে হওয়া যাবে ‘২৪ ঘন্টার বন্ধু’। আর আড্ডা জমে গেলে তো কথাই নেই, একে অন্যকে নিজের নেটওয়ার্কে ‘পারমানেন্ট’ করে নেওয়ার সুবিধাও পাবেন সোবার ব্যবহারকারীরা।
তবে অ্যাপটির সবচেয়ে চমকপ্রদ ফিচার হল, এটি থেকে ব্যবহারকারী যাই করুন না কেন, ২৪ ঘন্টা পর মুছে যাবে তার সব কিছু। অ্যাপটি থেকে পাঠানো টেক্সট মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। একই ঘটনা ঘটবে ব্যবহারকারীর শেয়ার করা ফটো আর ভিডিওর ক্ষেত্রেও।
সোবার নিয়ে অ্যাপটির সহ-নির্মাতা ব্রুস ইয়াংয়ের বক্তব্য--“একদম নতুন কন্টেন্ট শেয়ার করা আর জটিলতাবিহীন সম্পর্কই এর মূল উদ্দেশ্য।” ফিটবিট, লিংকডইন আর মাইক্রোসফটের সাবেক কর্মী ইয়াং।
আপাতত অ্যাপলের অ্যাপস্টোরেই পাওয়া যাচ্ছে সোবার অ্যাপটি। অ্যাপস্টোরে যোগ হওয়ার পর থেকে ১০ হাজার ছাড়িয়েছে এর ব্যবহারকারীর সংখ্যা।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





