মানুষের একমাত্র আবাসস্থল পৃথিবী। যেখানে সর্বদাই হয়ত নজর রাখছে মানুষ ছাড়া ব্রহ্মাণ্ডের বুদ্ধি বৃত্তিসম্পন্ন অন্য প্রাণীরা। হয়তো তাদের গোপন পদচারণা রয়েছে পৃথিবীর বুকে। অথবা নিজেদের টিকিয়ে রাখতে যদি কখনও এ গ্রহটি দখলের চেষ্টা চালায় তবে! বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ট্যাকটিক্যালধর্মী ফার্স্ট পারসন শুটিং গেম 'ইন্টারস্টেলার মেরিন্স' গেমারদের প্রকৃত চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।

গেম নির্মাতা প্রতিষ্ঠান জিরো পয়েন্ট সফটওয়্যারের ব্যানারে সম্প্রতি গেমটি অবমুক্ত হয়েছে। 'ইন্টারস্টেলার মেরিন্স' গেমটি লিনাক্স, ম্যাক ওএস এক্স এবং মাইক্রোসফট উইন্ডোজ চালিত গেমিং পিসিতে সমানতালে উপভোগ করা যাবে।

কাহিনী :ভবিষ্যতের কোনো এক সময়। ভিন গ্রহের অপ্রত্যাশিত প্রাণীর আক্রমণ প্রতিরোধে গঠন করা হয়েছে চৌকস সৈন্য দল। 'ইন্টারস্টেলার মেরিন্স' নামের এই মহাকাশ নিরাপত্তা সৈন্য দল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে পুরো ব্রহ্মাণ্ড। যাতে এলিয়েনদের যে কোনো আক্রমণ থেকে মহাকাশ এবং গ্যালাক্সির নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর তাই সৈন্য দলের সবাইকে বাস করতে হয় পৃথিবী থেকে হাজার কিলোমিটার দূরে মহাশূন্যের কোনো এক স্থানে, যেখান থেকে সৈন্য দলটি পর্যবেক্ষণ করে পৃথিবীপৃষ্ঠের বাইরে থাকা সব কিছুই।

পর্যবেক্ষণের এক সময় মেরিন্স দলের পর্যবেক্ষকরা লক্ষ্য করে, কিছু একটা বহু আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকেই আসছে। সেটি কী হতে পারে, তা সবার অজানা। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষায় থাকে মেরিন্স দল। তবে এটি যে ভিন গ্যালাক্সির স্বাধীন বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণীর কোনো আক্রমণ, এমনটা বুঝে ওঠার আগেই তাদের মহাকাশ যানে আক্রমণ করে 'এলিয়েন'। সম্পূর্ণরূপে ধ্বংস হয় মেরিন্স দলের মহাকাশ যান।

তবে দলটির সদস্যরা ভিন্ন পথে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসে। চমৎকার এ গেমটিতে গেমারকে অবতীর্ণ হতে হবে 'ইন্টারস্টেলার মেরিন্স' সৈন্য দলের একজন নির্ভীক সেনার বেশে। এ সময় গেমারকে দলটিকে সংঘবদ্ধ করে পৃথিবী রক্ষায় চালাতে হবে অভিযান। গেমটিতে গেমারকে পরিবেশের প্রতিকূলতা মোকাবেলায় দলের সঙ্গে সংঘবদ্ধ হয়ে লড়তে হবে। গেমারকে সহযোগিতায় থাকছে না কোনো ম্যাপ। তবে বিভিন্ন পরিস্থিতিতে গেমারকে সাহায্য করতে থাকছে বিশেষ ভয়েস লাইভ ফিচার। যেখানে গেমারকে সহযোগিতা করবে সহকর্মীবেশে গেমের অন্যান্য চরিত্র।

অজানা প্রাণীর বিরুদ্ধে লড়াইয়ে গেমারের জন্য থাকছে মেশিনগান, পিস্তল, রিভলবারসহ ২৭ ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। গেমটিতে এলিয়েনদের আক্রমণ প্রতিহত করে টিকে থাকতে হবে দলটিকে। গেমার প্রয়োজনে দলের সদস্যদের পরিবর্তন করে বিভিন্ন প্রেক্ষাপটে গেমটি উপভোগ করতে পারবে। গেমটিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির শব্দমূর্ছনা এবং গ্রাফিক্স গেমারকে বাস্তবতার মুখোমুখি করবে।

গেমটি উপভোগে প্রয়োজনীয় নূ্যনতম সিস্টেম :সেলেরন ই১৫০০ ডুয়াল-কোর সিরিজের ২.২ গিগাহার্জ বা অ্যাথলন ৬৪ এক্স২ ডুয়াল কোর ৪৮০০+ সিরিজের প্রসেসর, ২ গিগাবাইট র্যাঅম, ডাইরেক্ট এক্স-৯, এনভিডিয়া জিপিইউ জি-ফোর্স জিটি ২৪০ অথবা এএমডি র্যাাডন এইচডি ৫৫৫০ সিরিজের ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড এবং কমপক্ষে ৫ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই