ফেসবুকে বাংলাদেশ থেকে প্রতি ১২ সেকেন্ডে একটি করে অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
বৃহস্পতিবার ফরহাদ হোসেনের এক প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ সংসদে এ তথ্য জানান। ফরহাদ হোসেন তাঁর প্রশ্নে বলেন, আমার নামে একাধিক অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট আমি চালাই না। এর প্রতিকার কী?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা আপনার একার প্রশ্ন নয়। বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রশ্ন। তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে প্রতিকার পাওয়া যাবে। সহযোগিতা পেতে ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে ফোন করতে হবে।
ফজিলাতুন নেসা বাপ্পি এক প্রশ্নে বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লার কবরের নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা আছে। জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় অবগত নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশ্নোত্তরের আগে বিকাল ৫টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর শেষে স্পিকার সরকারি দলের সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীর আসন শূন্য করার বিষয়টি ঘোষণা করেন। ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
কেএইচ





