বিশ্বজুড়ে টানা ৬ ঘণ্টা ডাউন থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম চালু হয়েছে।

বাংলাদেশ সময় আজ (০৫ অক্টোবর) মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় প্ল্যাটফর্মগুলো। রয়টার্স ও বিবিসি’র প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

অন্যান্য দেশের মতো সোমবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অচল হয়ে পড়েছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।

ফেসবুকের যোগাযোগ বিভাগের কর্মকর্তা অ্যান্ডি স্টোন টুইটারে বলেন, আমরা এ বিষয়ে অবগত। কিছু কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে অ্যাক্সেস করতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এবং এ অসুবিধার জন্য দুঃখিত।

এমবি