২০৪০ সাল নাগাদ আকাশে উড়বে থ্রিডি প্রিন্টেড ড্রোন। ব্রিটিশ সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান বিএই সিস্টেমসের বিজ্ঞানীদের মতে স্বয়ংক্রিয়ভাবে নিজের ক্ষতস্থান সাড়াবে ড্রোনগুলো, একটা ড্রোন ভাগ হয়ে যেতে পারবে কয়েকটি ভাগে, আক্রমণ চালাবে একাধিক লক্ষে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০৪০ সালে প্রযুক্তির অগ্রগতি যতখানি হবে তাতে থ্রিডি প্রযুক্তিতেই তৈরি করা যাবে ‘অ্যানম্যানড এরিয়াল ভেইকাল’ (ইউএভি)--দাবি বিএই বিজ্ঞানীদের। গুপ্তচরবৃত্তি, উদ্ধার অভিযান এমনকি থ্রিডি প্রিন্টেড ড্রোনের ‘এনার্জি উইপন’ দিয়ে মিসাইল ধ্বংস করে দেওয়া সম্ভব হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তারা।

গবেষকরা মনে করছেন আড়াই দশক পরে থ্রিডি প্রিন্টারে ড্রোন তৈরি করবে রোবটরা। শত্রু সীমায় বিধ্বস্ত হলে নিজে থেকেই সার্কিট বোর্ড নষ্ট করে ফেলবে ড্রোনগুলো, যাতে শত্রুরা কোনোভাবেই ওগুলো ব্যবহার করতে না পারে।

সম্প্রতি নতুন চারটি ড্রোনের কনসেপ্ট ডিজাইন সাধারণ নাগরিকদের জন্য উন্মোচন করেছে বিএই সিস্টেমস। কনসেপ্ট ডিজাইনের প্রযুক্তিগুলো অসামরিক যানেও ব্যবহার করা যাবে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা।

তবে সবচেয়ে চমকপ্রদ কনসেপ্ট ডিজাইনটি হয়তো ডিরেক্টেড এনার্জি সিস্টেমস (ডিইএস)-এর। ডিইএস প্রযুক্তি ব্যবহার করে আলোর গতিতে মিসাইল ধ্বংস করে দেওয়া যাবে মুহুর্তেই।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই