কেন দিন শেষে রাত হয়, কেনোইবা ১৫ দিন পর আকাশে উঁকি দেয়, চাঁদ মামা। এমন হাজারো প্রশ্নে বিভোর থাকে শিশুমন। নগরায়নের ভিড়ে দিন দিন সীমিত হচ্ছে তাদের জানা-শোনার জগৎ।

তবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নিয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ। যেখানে প্রতি শনিবার সৌরজগত নিয়ে দেখানো হয়, ৫টি তথ্যচিত্র। বিনামূল্যে এটি দেখতে পারে, শিশুরা।

'বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে'

সুকুমার রায়ের কবিতার মাঝি, বাবুর প্রশ্নে হেসেছেন বটে। কিন্তু আজকাল কি এসব প্রশ্নে হাসি চলে? বরং কৌতুহল নিয়ে যায় গ্রহ নক্ষত্র নীহারিকা কিংবা ছায়াপথে।

রহস্যের ধোঁয়াশা বইয়ের পাতায় কাটে ঠিকই, কিন্তু বিজ্ঞানের অলিগলিতে ঘোরার জন্য শিশুদের জন্য যে যুতসই সহজ পথ চাই, ইট-কাঠের তিলোত্তমায় তা আছে কী?

ভরসা তখন ইউটিউব আর ফেসবুক। কিন্তু সেখানে কি আর খেলতে খেলতে শেখাতো হয়? ঢাকায় ত্রিমাত্রিক-চতুর্মাত্রিক দুয়েকটি থিয়েটার যা আছে তাও নিছক বিনোদনের খাতিরে। সেখানে যেতে হলে চাই আর্থিক সচ্ছলতাও।

শিশুদের জন্য সরকারি উদ্যোগে তৈরি একমাত্র বিজ্ঞান শেখা ও দেখার জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। সম্প্রতি সেখানে যোগ হয়েছে দুটি ফাইভ ডি থিয়েটার হল।

এতে সৌরজগত নিয়ে ৫টি তথ্যচিত্র প্রতি শনিবার প্রদর্শন হয় স্কুলের শিশুদের জন্য। তাও কোনো টাকা ছাড়াই।

তবে, সরকারি-বেসরকারি পর্যায়ে এমন আরো উদ্যোগ প্রয়োজন বলেও মত একজন কর্মকর্তার।

এএস