কার্ড স্ক্যানারের দুবর্লতার কারণে খুব সহজেই হাতিয়ে নেয়া সম্ভব ‘চিপ-সক্রিয়’ স্মার্ট ক্রেডিট কার্ডের পিন ও আনুষাঙ্গিক তথ্য। বৃহস্পতিবার লাস ভেগাসে আয়োজিত ব্ল্যাক হ্যাট সাইবার সম্মেলনে এমডাব্লিইউআর ল্যাবসের দুই জন গবেষক এই বিষয়টি ব্যাখ্যা করেছেন।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, শুধু ম্যালওয়্যার আক্রান্ত স্মার্ট কার্ড সোয়াইপ করার মাধ্যমেই দোকানের কার্ড স্ক্যানার থেকে তথ্য হাতিয়ে নেয়া সম্ভব।
সাধারণত এই কার্ড স্ক্যানারগুলোকে নিরাপদ ধরা হয়। কারণ পিন টাইপ করার সময় স্ক্যানারগুলো তা এনক্রিপ্ট করে এবং ক্রেডিট কার্ডের ডেটা সংরক্ষণ করে। কিন্তু এমডাব্লিইউআর ল্যাবসের গবেষকরা জানিয়েছেন, হ্যাকাররা ম্যালওয়্যার আক্রান্ত কার্ড সোয়াইপ করে কার্ড স্ক্যানারকে বিভ্রান্ত করতে পারবে।
উদাহরণ হিসেবে বলা যায়, দিনের শুরুতে ম্যালওয়্যার আক্রান্ত স্মার্ট কার্ডের মাধ্যমে হ্যাকাররা যন্ত্রটিকে ঠিক উল্টো কমান্ড দিয়ে আসলেন। ফলে কার্ড স্ক্যানার যন্ত্রটি সারাদিন যত স্মার্ট কার্ড সোয়াইপ করা হবে সেগুলোর পিন এনক্রিপ্ট করবে না ও ডেটা সংগ্রহ করবে। দিন শেষে হ্যাকার ভিন্ন একটি কার্ডের মাধ্যমে কার্ড স্ক্যানারের সারাদিনের সংগ্রহ করা ডেটাগুলো নিয়ে আসবে। আর এই ডেটা চুরির বিষয়ে দোকানের কর্মচারী কিছুই জানতে পারবেন না।
এই ধরনের হ্যাকিং ভার্চুয়ালি চিহ্নিত করা সম্ভব নয় ও একবার কার্ড স্ক্যানার বন্ধ করে দিলে হ্যাকিং সংক্রান্ত সব প্রমাণ মুছে যায় বলেই জানিয়েছেন গবেষকরা। ফলে হ্যাকিং হয়েছে কিনা সেটিও জানা সম্ভব হবে না।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





