দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। সবসময় সাথেই থাকার আহবান জানালেও বারবার তারা গ্রাহকদের দূরেই ঠেলে দেয়। ভালো বিকল্প নেই বলে আমরা জোর করে গ্রামীণফোনের সঙ্গেই থাকতে চাই। কিন্তু সার্ভিসের যে অবস্থা, তাতে ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রায়শই।

আমি প্রায় ৭ বছর ধরে গ্রামীণফোনের গ্রাহক। তারা আমাকে স্টার গ্রাহকের মর্যাদা দিয়েছে। তাতেই আমি পুলকিত। কিন্তু হুটহাট আমার আউটগোয়িং বন্ধ হয়ে যায়। এমনও হয়েছে মাত্র ২০০ টাকা বিল বকেয়া থাকার জন্যও আউটগোয়িং বন্ধ করে দেয়া হয়েছে। অনেক সময় রাত ১২টায় আউটগগোয়িং বন্ধ করা হয়েছে। মাত্র ২০০ টাকার জন্য জরুরী সময়ে আমাকে বিচ্ছিন্ন থাকতে হয়।

আমি তবু চালিয়ে নেই। আমার বন্ধু মুন্নী সাহা, তারকা সাংবাদিক। দুদিন পরপর তার গ্রামীণফোনেরও আউটগোয়িং বন্ধ হয়ে যায়। একটা-দুইটা এসএমএস দিয়েই আউটগোয়িং বন্ধ। প্রথমে আমি ভাবতাম বেচারি উল্টাপাল্টা বিল দেয় নাই বলে মনে হয় এমন হয়েছে। কিন্তু পরে আমার অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখেছি, অভিন্ন।

এবার দেখা যাক ভুতটা কোথায়। কাল রাত ৯টা ২২ মিনিটে মুন্নীকে গ্রামীণফোন এসএমএস পাঠালো তার বকেয়া বিলের পরিমাণ ১৪০৯ টাকা। সাথে দ্রুত পরিশোধের পরামর্শ। আজ সকাল ৮টা ৪০ মিনিটে আবারও এসএমএস, এবার জানালো বকেয়া বিলের পরিমাণ ১৯৫০ টাকা। মুন্নীকে আমি যতটুকু চিনি ১১ ঘণ্টায় ৫৫০ টাকা খরচ করার মত কথা সে বলে না। আর সে দাবি করেছে, এই সময়ে সে একটি ফোনও করেনি। তাহলে ৫৫০ টাকা খরচ করলো কোন ভুতে?

সকালের এসএমএস’এর সাথে সাথেই আউটগোয়িং বন্ধ। তারপর মুন্নী দ্রুত ৫০০ টাকা ফ্লেক্সি করলো। কিন্তু দুপুর ২টা ৪৩ মিনিটে আবার এসএমএস, এবার বকেয়া বিল ২০৯৯ টাকা। আউটগোয়িং বন্ধ থাকা অবস্থায় বিল প্রায় ১৫০ টাকা কিভাবে বাড়লো? এরপর আরো মজার। ৩টা ৫১ তে আবার এসএমএস। এবার বকেয়া বিল ২০০৮ টাকা। মজাটা হলো আউটগোয়িং বন্ধ থাকা অবস্থায় ৯১ টাকা বিল কমলো কিভাবে? এরপর সর্বশেষ এসএমএস আসে বিকাল ৪টা ১৮ মিনিটে। এবার বিল ২০৫১ টাকা। আইটগোয়িং বন্ধ থাকা অবস্থায় ৮ ঘণ্টার মধ্যে ৪ রকমের বিল। কিভাবে সম্ভব?

অপেক্ষা করছি, আরো নতুন এসএসএম’এর, নতুন বকেয়া বিলের। এই সবকিছুর মধ্যে মুন্নী যে ৫০০ ফ্ল্রেক্সি করলো, সেটা গেল কই? কোনো বিলেই তার কোনো উল্লেখ নেই। গ্রামীণফোনের এই ভৌতিক বিলের বিচার কার কাছে দেবে মুন্নী, কে করবে বিচার?

মুন্নী গ্রামীণফোনের কর্মকর্তাদের সাথে কথা বলেছে। তারা বলেছে, দেখছি, ঠিক করে দিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো আজ সারাদিন মুন্নী সাহা আউট অব নেটওয়ার্ক। (প্রভাষ আমীনের ফেসবুক থেকে সংগৃহীত)

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) কেবি