মেডিকেল, ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবা খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স বাংলাদেশ ২০১৫ শুরু হচ্ছে আগামী ৭ মে।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো-২০১৫ ও অনুষ্ঠিত হবে।
সেমস বাংলাদেশ এবং সেমস ইউএসএ এর সহযোগীতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এ ট্রেড শো ৭ মে শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত।
প্রদর্শনীর প্রতিদিন সকাল সাড়ে দশটায় শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
সেমস বাংলাদেশের সভাপতি এবং বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, এবারের প্রদর্শনী দু'টিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে তাদের মেডিকেল, হাসপাতাল সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন করবে।
যার ফলে বিশ্বখ্যাত মেডিকেল, সার্জিক্যাল, ক্লিনিক্যাল ল্যাব ও হাসপাতাল সরঞ্জাম প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সাথে বাংলাদেশকে পরিচিত করার উদ্দেশ্য সফল হবে।
এটি শুধুমাত্র একটি প্রদর্শনীই নয় বরং বাংলাদেশের মেডিকেল ও স্বাস্থ্যসেবা খাতের চাহিদা পূরনের একটি পূর্ণাঙ্গ সংস্থান হিসেবেও উল্লেখ যোগ্য বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সেমস বাংলাদেশের ব্যবস্থাপক আহবাব আহমেদ সোবহান, জৈষ্ঠ্য ব্যবস্থাপক আবু নায়েম মো. শরীফ।
এমএ/ এআর





