আইফোন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আইফোন সিক্সের জন্য। অ্যাপল আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও প্রযুক্তি জগতে জোর গুজব ৯ সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। সেই গুজবের আগুণে ঘি ঢেলেছে নতুন কিছু ছবি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে,আইফোন সিক্সের নতুন ছবি প্রকাশ করেছে ফ্রেঞ্চ ওয়েবসাইট নোহোয়্যারএলস ডটএফআর। এর আগেও একাধিকবার আনুষ্ঠানিক উন্মোচনের আগেই অ্যাপল পণ্যের আসল ছবি ফাঁস করেছে সাইটটি।
নোহোয়্যারএলস ডটএফআরে প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবি ছিল আইফোনের সিক্সের তথাকথিত কুইক স্টার্ট ম্যানুয়ালের। ম্যানুয়ালের উপরেই ছিল ৯ সেপ্টেম্বর তারিখটি।
নোহোয়্যারএলসের ছবিটি আসল আইফোন সিক্স ম্যানুয়ালের প্রমাণিত হলে অবাক হওয়ার কিছু নেই। অ্যাপল আইফোনের সর্বশেষ দুটি মডেল আইফোন ফাইভএস এবং ফাইভসি উন্মোচন করেছিল ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর।
ফ্রেঞ্চ সাইটটির প্রকাশিত ছবিগুলো আসল হলে, পরিবর্তন এসেছে নতুন আইফোনের ডিজাইনেও। ভলিউম বাটন আর স্লিপ/ওয়েক বাটনের ডিজাইনে পরিবর্তন করা হয়েছে।
তবে নোহোয়্যারএলসের ছবিগুলোকে ভুয়া বলে মন্তব্য করেছে ম্যাকরুমারস ডটকম।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





