প্রযুক্তিবিশ্বে রটে গিয়েছিল শরতের শুরুতেই বাজারে আসছে অ্যাপলের নতুন প্রযুক্তিপণ্য আইওয়াচ। কিন্তু নতুন তথ্যে জানা গেছে, ২০১৫ সালের আগে এটি বাজারে মিলবে না।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

প্রযুক্তি বাজার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কেজিআইয়ের নিরাপত্তা বিশ্লেষক মিং-চি কু এ খবরের উৎস। তাকে ধরা হয় অ্যাপলের পণ্য সম্পর্কিত তথ্যের অন্যতম বিশ্বস্ত সূত্র। তিনি জানাচ্ছেন, নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কিছু কাজ এখনও বাকি আছে। মিং আরও জানিয়েছেন, আইফোন-৬ এর বড় সংস্করণ এ বছর বাজারে আসছে না।

অ্যাপল ইনসাইডে তিনি লিখেছেন, সেপ্টেম্বরের শেষ দিকে ব্যাপক উৎপাদনে যাওয়ার কথা থাকলেও তা নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে পিছিয়ে নেয়া হয়েছে।

অ্যাপল আইফোনের ঘোষণা দেয়ার পরও তা বিক্রি শুরু করতে ছয় মাস দেরি করেছিল। এছাড়াও আইপ্যাড বিক্রি শুরু করতেও তারা বেশ কয়েক সপ্তাহ দেরি করেছিল। এবার একই ঘটনা ঘটতে যাচ্ছে আইওয়াচের ক্ষেত্রে।

অনেকে মনে করছেন ওই পণ্যটি স্বাস্থ্য ও ফিটনেস ট্রাকিংয়ের অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যেমন ঘুমানোর আগে শরীরের গ্লুকোজের মাত্রা, রক্তচাপের মাত্রা ইত্যাদি জানার জন্য বেশ কিছু সেন্সর বসানো থাকবে যন্ত্রটিতে।

এদিকে ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে অ্যাপলের নতুন আইফোন৬ এর দু’টি মডেল, এমনটা জানানো হয়েছে আগেই। দুটি মডেলের একটি ৪.৭ ইঞ্চি স্ক্রিনের এবং আরেকটি ৫.৫ ইঞ্চি স্ক্রিনের যাকে বলা হচ্ছে আইফোন৬এল।
দামও নাকি বাড়ছে নতুন আইফোনের।তবে নতুন মডেলগুলোতে স্ক্রিনে কাচের বদলে ব্যবহার করা হবে স্যাফায়ার স্ক্রিন, যা ব্যবহার করা হয় দামী ঘড়িগুলোতে।

এছাড়া আইফোনের জন্য একটি নবায়নযোগ্য বিশেষ ধরনের ব্যাটারিও উন্মোচন করা হবে বলে জানা গেছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই