‘বেখেয়ালি’ সেলফি তুলে ফেঁসে গেছেন রাশিয়ান সৈনিক আলেকজান্ডার সোটকিন। ইউক্রেইন-রাশিয়া অস্থিরতার মধ্যে রাশিয়ার কোনো সৈনিক সীমান্ত পেরিয়ে ইউক্রেইনে প্রবেশ করেনি বলে দাবি করে আসছিল দেশটির সরকার। আর যে সেলফি দুটির কারণে সোটকিন ফেঁসে গেছেন, সেই সেলফিগুলো তোলা ইউক্রেইন সীমান্তের ভেতরে!
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, সোটকিনকে আসলে ‘ফাঁসিয়ে’ দিয়েছে ইন্সটাগ্রামের ‘ফটোম্যাপ’ ফিচারটি। ফটোম্যাপ চালু করা থাকলে ফটো তুলে শেয়ার করার সময় জিপিএস ব্যবহার করে ইউজারের ভৌগলিক অবস্থান চিহ্নিত করে ফিচারটি। আর ওই ফিচারটিই ছবি তোলার সময় বন্ধ রাখতে ভুলে গিয়েছিলেন সোটকিন।
ফটোম্যাপ অনুযায়ী ইউক্রেইনের সীমান্তের ভিতরে সোটকিন প্রথম ইন্সটাগ্রাম সেলফি তুলেছিলেন ৩০ জুন। আর দ্বিতীয় সেলফিটি জুলাইয়ের পাঁচ তারিখে তোলা।
সরকারবিরোধী আন্দোলনে ইউক্রেনিয়ান বিদ্রোহীদের সঙ্গে রাশিয়ান সৈনিকদের সম্পৃক্ততার বিষয়টি অনেকটাই ‘ওপেন সিক্রেট’। তবে রাশিয়ান সেনাবাহিনী শুরু থেকে বিষয়টি অস্বীকার করছে।
ইন্সটাগ্রাম ছবির ভৌগলিক তথ্য অনুসারে, জুনের ২৩ তারিখ থেকে রাশিয়া/ইউক্রেইন সীমান্তে দায়িত্ব পালন করছে সোটকিন। এই সময়ে মধ্যে ইন্সটাগ্রামে মোট ৩৪ টি ছবি পোস্ট করেছেন তিনি, যার ৩২ টি রাশিয়ার ভূখণ্ডে এবং দুটি ইউক্রেইন সীমান্তের ওপারে তোলা। ওই ছবি দুটির ভৌগলিক অবস্থান রাশিয়া/ইউক্রেইন সীমান্ত থেকেও বেশ কয়েক মাইল ভেতরে বলেই জানিয়েছে সিএনএন।
এ প্রসঙ্গে রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, “রাশিয়া সরকার সামাজিক মাধ্যমের পোস্টের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয় না বা কোনো কিছুর ইতি টানে না।” ওই মুখপাত্র রাশিয়ার লাইফ নিউজের এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন। লাইফ নিউজ ওই প্রতিবেদনে ছবি দুটি জাল ও সেলফি’র ভৌগলিক অবস্থানগত তথ্য মিথ্যা বলে দাবি করেছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম) // জেআই





