সাইবার হয়রানির শিকার নারী ও পুরুষরা সবচেয়ে বেশি বিষণ্ণতায় ভোগেন। তাদের মধ্যে যারা অতিরিক্ত পরিমাণ বিষণ্ণতায় ভোগেন তারা আত্মহত্যার চিন্তাও করে থাকেন। এক জরিপে দেখা গেছে, বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতায় ভোগা নারী-পুরুষদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশি সাইবার হয়রানির শিকার হয়ে থাকেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জরিপটি চালিয়েছে ডিজিটাল রাইটস ফাউন্ডেশন নামে একটি সংগঠন। এই সংগঠনটি গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত দেশটির নাগরিকদের ওপর এ জরিপ চালায়।
সাইবার হয়রানি প্রতিরোধে চালুকৃত একটি হেল্পলাইনের মাধ্যমে ৭৬৩ জন ভুক্তভোগী এ জরিপে অংশ নেন । এদের মধ্যে ৬৩ শতাংশ নারী এবং ৩৭ শতাংশ পুরুষ। ভুক্তভোগীদের অনেকেই ভুয়া প্রোফাইলের মাধ্যমে, ব্লাকমেইলিংয়ের মাধ্যমে, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মাধ্যমে এবং অযাচিত ম্যাসেজিংয়ের মাধ্যমে সাইবার হয়রানির শিকার হয়েছেন। আর যারা এই সাইবার হয়রানির শিকার তাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে। এ থেকে অনেকেই আত্মহত্যার চিন্তা করে থাকেন। প্রিয়টেক





