আইক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে নয়, তারকা অভিনেত্রীদের ব্যক্তিগত অ্যাকাউন্টের আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রশ্নের সঠিক উত্তর সংগ্রহ করেই হ্যাকাররা স্পর্শকাতর ছবিগুলো চুরি করেছে বলে জানিয়েছে অ্যাপল।
সম্প্রতি জনপ্রিয় ২০ হলিউডি তারকা অভিনেত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে ক্লাউড স্টোরেজের নিরাপত্তা নিয়ে। ভুক্তভোগীরা এজন্যে দুষছেন হ্যাকারদেরই। আইনী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। ঘটনা তদন্তে সক্রিয় হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও।
বিবিসি জানিয়েছে, অ্যাপলের ক্লাউড স্টোরেজ ‘আইক্লাউড’ হ্যাক করে হ্যাকাররা ছবিগুলো সংগ্রহ করেছে বলে জোর গুঞ্জন উঠায় বিব্রতকর অবস্থায় পরেছে প্রতিষ্ঠানটি।
এফবিআইয়ের পাশাপাশি তদন্ত শুরু করেছিল অ্যাপলও। তদন্ত শেষে এক আনুষ্ঠানিক বিবৃতিতে হ্যাকিংয়ের ঘটনা নিশ্চিত করেছে অ্যাপল। তবে এক্ষেত্রে হ্যাকাররা আইক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অনুপ্রবেশ করেনি বলেই দাবি প্রতিষ্ঠানটির। বরং তারকা অভিনেত্রীদের আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করে ছবিগুলো চুরি করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





