বিক্রির সংখ্যায় ২০১৫ সালেই ডেস্কটপ পিসিকে ছাড়িয়ে যাবে ট্যাবলেট পিসি। প্রযুক্তি গবেষণা সংস্থা গার্টনারের সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
প্রযুক্তি পণ্যের বাজার যে ক্রমান্বয়ে মোবাইল ডিভাইসের দিকে ঝুঁকে পড়ছে, একে তারই প্রমাণ হিসেবে অভিহিত করেছে গার্টনার। গত এক বছর সময়ে ডেস্কটপ পিসির বিক্রি অনেকটা স্থিতিশীল হওয়া এবং ট্যাবলেট পিসির বাজার কিছুটা হলেও কমে গেলেও আগামী বছর আসতে আসতেই এই টিত্রটি বদলে যাবে বলে জানিয়েছে গার্টনার।
গার্টনারের হিসেবে চলতি বছরেও বিক্রির সংখ্যায় ট্যাবলেট পিসির চেয়ে এগিয়ে থাকবে ডেস্কটপ পিসি। তাদের হিসেবে এ বছরে ডেস্কটপ পিসি বিক্রি হবে ২৫৬ মিলিয়ন ইউনিট। অন্যদিকে এই বিক্রির পরিমাণ বেড়ে ২০১৫ সালে হবে ৩১৬ মিলিয়ন ইউনিট। এদিকে সামনের বছর ট্যাবলেট পিসি বিক্রির পরিমাণ দাঁড়াবে ৩২০ মিলিয়ন ইউনিট। ফলে ডেস্কটপ পিসির তুলনায় ট্যাবলেট পিসি ৪ মিলিয়ন ইউনিট বেশি বিক্রি হবে।
গার্টনারের তথ্য অনুযায়ী এই বছরে ট্যাবলেট পিসি বিক্রির হার গত বছরের তুলনায় বেশ হরাস পেয়েছে। এ বছরে ট্যাবলেট পিসি বিক্রির হার বেড়েছে ২৩.৯ শতাংশ যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। অন্যদিকে গত বছরে পিসির বিক্রি ৯.৫ শতাংশ কমলেও এ বছরে এর পরিমাণ ২.৯ শতাংশ। বিশেষ করে উইন্ডোজ এক্সপি থেকে মাইক্রোসফট সব ধরনের আপডেট বন্ধের ঘোষণা দেওয়ায় পিসি রিপ্লেসমেন্টের কারণে ডেস্কটপ পিসির বাজার খানিকটা চাঙ্গা হয়ে উঠছে বলে জানিয়েছে গার্টনার।
তারপরেও ট্যাবলেট পিসির কাছে ডেস্কটপ পিসিকে পিছিয়ে যেতে হবে। মোবাইল ডিভাইসের দিকে দিন দিন মানুষের আগ্রহ বাড়ার কারণেই ডেস্কটপ পিসি থাকলেও সাথে একটি মোবাইল ডিভাইস রাখার উদাহরণ মিলছে। এতে করেই ট্যাবলেট পিসির বাজার ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে গার্টনার।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





