সুন্দরবন রক্ষায় পরিবেশ অধিদপ্তর ইতিবাচক ভূমিকা পালন না করায় দেশের স্বার্থে প্রতিবাদস্বরূপ পরিবেশ অধিদপ্তরের ওয়েবাসাইট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে 'সাইবার ৭১'।
শুক্রবার রাত ১০টার দিকে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের ওয়েবাসাইট (www.doe.gov.bd) হ্যাক করা হয়েছে।
'সাইবার ৭১' নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, সম্প্রতি সুন্দরবনের নদীতে ডুবে যাওয়া জাহাজের বিষাক্ত তেলের কারণে সুন্দরবনের পরিবেশ হুমকির মুখে। এই চরম বিপর্যয়ের মাঝেও পরিবেশ অধিদপ্তর অনেকটাই নিশ্চুপ। আর এই পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশীদের পক্ষ থেকে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবার দাবী জানিয়ে পরিবেশ অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাক করে সেখানে সাইবার ৭১ লিখেছে, ‘প্রিয় পরিবেশ অধিদপ্তর এর দায়িত্ত্বশীল ব্যক্তিবর্গ, সমগ্র বাংলাদেশীদের পক্ষ থেকে আপনাদেরকে কিছু দাবী জানাতে বাংলাদেশী হ্যাকার গ্রুপ 'সাইবার ৭১' আপনাদের ওয়েবসাইটে।’
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে হ্যাক করা ওয়েবসাইটটিতে সাইবার ৭১ আরো লিখেছে যে, ‘সম্প্রতি সুন্দরবনের নদীতে ডুবে যাওয়া জাহাজের বিষাক্ত তেলের কারণে সুন্দরবনের শুধু বনজ সম্পদই নয়, বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন, কুমির, বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণী হুমকির মুখে পড়েছে। অয়েল সুইপার জলযান দিয়ে ছড়িয়ে পড়া তেল তুলে নেয়ার কোনো ব্যবস্থা না থাকায় ম্যানগ্রোভ এ বনের গাছের শ্বাসমূল ঢেকে যাচ্ছে ছড়িয়ে পড়া তেলে। তবুও পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না কেনো?
যেই সুন্দরবন নিয়ে সারা পৃথিবীর সামনে গর্ব করতে পারি সেই সুন্দরবন চোখের সামনে ধ্বংস হতে দিতে পারি না। সাইবার ৭১ আর সমগ্র বাংলাদেশীদের পক্ষ থেকে আপনাদের নিকট একটাই দাবী, দয়া করে আমাদের সুন্দরবনের পরিবেশের জন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।’
ইআর





