স্পেনের বার্সেলোনায় চলমান ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড উদ্বোধন করেছে নতুন আঙ্গিকে প্রস্তুতকৃত ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ। গ্রাহকদের মোবাইল ফোন ব্যবহারের সর্বোন্নত অভিজ্ঞতা প্রদান করতে গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ-এ সন্নিবেশিত হয়েছে স্যামসাংয়ের অত্যাধুনিক সব প্রযুক্তি এবং সর্বোত্তম পণ্য মানের সমাবেশ।

গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ আরো প্রাণবন্ত এবং দ্রুত ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা রয়েছে। এফ ১.৯ লেন্স এবং হাই রেজোলুশন সেন্সর সম্পন্ন ফ্রন্ট (৫ মেগাপিক্সেল) এবং ব্যাক ক্যামেরা (১৬ মেগাপিক্সেল) অন্ধকারেও উন্নতমানের ছবি তুলতে সাহায্য করে। এছাড়াও আরো উন্নত আলো সংবেদনশীলতা ও ক্যামেরা ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে রয়েছে অটো রিয়াল টাইম হাই ডাইনামিক রেঞ্জ, স্মার্ট অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং আইআর ডিটেক্ট হোয়াইট ব্যালেন্স। যেকোনো স্ক্রিন থেকে হোম বাটন কি ডাবল ক্লিক করলেই মাত্র ০.৭ সেকেন্ড ক্যামেরা চালুর সুযোগও থাকছে ‘কুইক লঞ্চ’ ফিচারের মাধ্যমে।

ডব্লিউপিসি ও পিএমএ সনদপ্রাপ্ত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সম্বলিত এই ফোন দু’টি ইউনিভার্সাল ওয়্যারলেস চার্জিংয়ে এক নতুন আদর্শ প্রতিষ্ঠা করেছে। আর ফোন দু’টি ওয়্যারযুক্ত করে গ্যালাক্সি এস৫-এর তুলনায় ১.৫ গুণ বেশি দ্রুতচার্জ করা যায়। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই ফোনগুলো প্রায় ৪ ঘণ্টা ব্যবহার করা যায়।

স্লিম (৬.৮ মি.মি/ ৭.০ মি.মি এজ) এবং হাল্কা (১৩৮ গ্রাম/ ১৩২ গ্রাম এজ) গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ-এ রয়েছে সবচেয়ে অত্যাধুনিক স্যামসাং প্রযুক্তি। ফোন দু’টির দ্রুত কর্ম সম্পাদন ক্ষমতা এবং তুলনামূলক কম পাওয়ার খরচ করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর প্রথম ৬৪ বিট প্ল্যাটফর্মের ১৪এনএম মোবাইল প্রসেসর, নতুন এলপিডিডিআর৪ মেমোরি সিস্টেম ও ইউএফএস ২.০ ফ্ল্যাশ মেমোরি। এছাড়াও ১৪৪০পি/ভিপি৯ হার্ডওয়্যার ভিত্তিক কোডেক কম পাওয়ার ব্যবহারে হাই রেজোলুশনে ভিডিও স্ট্রিমিং করা যাবে। ৫.১ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন সর্বোচ্চ পিক্সেল ঘনত্ব নিশ্চিত করে।

সম্ভাব্য ক্ষতিকর আক্রমণ থেকে সুরক্ষার জন্য গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ এ ব্যবহৃত হচ্ছে আরো উন্নত স্যামসাং নক্স সুরক্ষা ব্যবস্থা। হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পেতে এই ফোনগুলোতে রয়েছে ‘ফাইন্ড মাই মোবাইল’ ফিচার আর ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য রয়েছে ‘রিঅ্যাক্টিভেশন লক’ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

বিশ্ববাজারে ১০ এপ্রিল থেকে গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ পাওয়া যাবে। ফোনগুলোর স্টোরেজ সাইজ হবে ৩২/৬৪/১২৮ গিগাবাইট। গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ পাওয়া যাবে হোয়াইট পার্ল, ব্ল্যাক স্যাফায়ার, গোল্ড প্লাটিনাম, ব্লু টোপাজ (শুধুমাত্র গ্যালাক্সি এস৬ এর জন্য) এবং গ্রিন এমেরাল্ড (শুধুমাত্র গ্যালাক্সি এস৬ এজ এর জন্য)। বাংলাদেশের বাজারে ডিভাইসগুলো এপ্রিল মাস থেকে পাওয়া যাবে।

স্যামসাং ইলেকট্রনিক্সের আইটি ও মোবাইল ডিভিশনের সিইও জেকে শিন বলেন, ‘গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ এর মাধ্যমে স্যামসাং মোবাইল বিশ্বকে ভবিষ্যতের একটি উজ্জ্বল নিদর্শন দেখাচ্ছে। আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদাগুলোর কথা লক্ষ্য রেখে, আমাদের সাফল্যেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে এবং ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা প্রতিনিয়তই নতুন প্রযুক্তি তৈরিতে উদ্বুদ্ধ হই। একেবারে নতুন আঙ্গিকের ডিজাইন, শক্তিশালী নেটওয়ার্ক সহযোগিতা এবং অভিনব সেবার মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ গ্রাহকদেরকে স্মার্টফোন ব্যবহারের এক অভিনব অভিজ্ঞতা দিতে পারবে বলে আমার বিশ্বাস।’

জেআই