ভবিষ্যতের ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে ভোটের ক্ষেত্রে প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অধিক ক্ষমতা সরিয়ে নেওয়ার প্রস্তাব এনেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এ দাখিল করা এক নথিতে ফেইসবুকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, জাকারবার্গ যখন শীর্ষ নেতৃত্বস্থানীয় পদে থাকবেন না, তখন তার সব ক্লাস এ শেয়ার যাতে ক্লাস বি শেয়ারে পরিণত করা যায়, সেজন্য এক প্রস্তাবে তারা শেয়ারধারীদের ভোট দিতে আহ্বান জানাবেন।

রয়টার্স জানিয়েছে, ২০১৬ সালের ৩ জুন পর্যন্ত হিসেবে, জাকারবার্গ ফেইসবুকে ৪০ লাখ ক্লাস এ শেয়ার ও ৪১ কোটি ৯০ লাখ ক্লাস বি শেয়ারের মালিক। এর মাধ্যমে তিনি একাই ভোটের ক্ষেত্রে ৫৩.৮ শতাংশ ক্ষমতা রাখেন।

চলতি বছর ২০ জুন হতে যাচ্ছে ফেইসবুকের বার্ষিক সাধারণ সভা। এই সভায় এই প্রস্তাবের উপর ভোট করা হবে। ভবিষ্যৎ ফেইসবুক প্রধানের ক্ষমতা যাতে সীমাবদ্ধ না থেক, সে জন্যই এই প্রস্তাব বানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

"নতুন এই রীতি নিশ্চিত করবে যে, আমরা একটি প্রতিষ্ঠাতা-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান থেকে সরার পর, একটি প্রতিষ্ঠাতা-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থাকব না", বলা হয় ওই নথিতে।

বর্তমান বিধান অনুযায়ী, জাকারবার্গ ক্লাস বি শেয়ার রাখার অনুমোদন রাখেন, এবং তিনি প্রতিষ্ঠান ছাড়ার পরও ভোটের ক্ষমতায় অধিকাংশ ক্ষমতা রাখেন। এমনকি তিনি তার মৃত্যুর পরও তার ভোটের ক্ষমতা আর ক্লাস বি শেয়ার তার উত্তরাধিকারদের মধ্যে দিয়ে যেতে পারবেন।

এফএফ