ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল একজামিনেশন কাউন্সিলে (আইটিপিইসি) যোগ হতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার এ বিষয়ে জাপানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
আইটিপিইসি’র সদস্য পদ লাভের মধ্য দিয়ে বাংলাদেশের আইসিটি পেশাজীবী ও গ্রাজুয়েটদের জ্ঞান ও দক্ষতার স্থানীয় মান পরিমাপের ব্যবস্থা হবে।
রোববার রাজধানীর আগার গাঁও এ অবস্থিত বিসিসি ভবনের আইসিটি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব নজরুল খানসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দেশে নিয়মিত আইটিইই পরীক্ষা আয়োজন করবে। বিশ্বের ১২টি দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার মাধ্যমে আমাদের দেশের কম্পিউটার সায়েন্স এবং আইসিটির অন্যান্য বিষয়ের ডিগ্রি সম্পন্ন ছেলে মেয়েরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশনের সুযোগ পাবে।
এই সার্টিফিকেশনের কারণে আমাদের কম্পিউটার প্রকৌশলীদের জাপানসহ এশীয় দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশে উচ্চ মানসম্পন্ন কম্পিউটার প্রকৌশলীদের সরবরাহ নিশ্চিত হবে এবং আইসিটি শিল্পে বিদেশী বিনিয়োগ উৎসাহিত হবে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





