ফেসবুকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জুকারবার্গ বলেছেন, মানুষের মৌলিক তথ্য সেবা বিনামূল্যে দিতে কাজ করা হচ্ছে। খাদ্যদ্রব্যের দাম, আবহাওয়া, উইকিপিডিয়ার মতো নিত্যপ্রয়োজনীয় সব তথ্য বিনামূল্যে দিতে একটি পার্টনারশিপের মাধ্যমে কাজ করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় বার্সেলোনায় চার দিনব্যাপী ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের প্রথম দিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুকারবার্গ বলেন, ফেসবুক যেমন মানুষ বিনামূল্যে ব্যবহার করে, তেমনি মানুষের মৌলিক তথ্যও বিনামূল্যে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে বিশ্বে ১০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এই সংখ্যাকে ৫ থেকে ১০ বছরের মধ্যে দ্বিগুণে উন্নীত করতে কাজ করা হচ্ছে। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393274460.jpg[/img]
২৯ বছর বয়সী জুকারবার্গ এ প্রসঙ্গে ফিলিপাইনের উদাহরণ টেনে বলেন, এখানে ডাটা ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সহজে সব সমস্যা দূর করা হয়েছে। খাদ্যমূল্যও উইকিপিডিয়ায় পেতে হবে। সব বেসিক চাহিদা মেটাতে কাজ করতে একটি টিম দরকার।
এর আগে জুকারবার্গের বক্তৃতা শুনতে ফিরা বার্সেলোনার ৪ নম্বর হলে শতশত প্রযুক্তিপ্রেমী ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করেন। বিশাল লাইনে দাঁড়িয়েও তাদের কোনো ক্লান্তি ছিল না। হলটিতে আসন ছিল দেড় হাজার। তবে যারা সরাসরি ওই হল রুমে ঢুকে তার বক্তৃতা শুনতে পারেননি তাদের বাইরে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছিল। তারা দুধের সাধ অন্তত ঘোল দিয়ে মেটানোর সুযোগ পেয়েছিলেন। এই সেশনে পরিচালনা করেন খ্যাতনামা প্রযুক্তি সাংবাদিক ও লেখক ডেভিড কারপ্যাট্রিক।
এদিকে, সোমবার বার্সেলোনার সময় সকাল ৯টায় চার দিনব্যাপী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ফ্রেডরিক বাকসাস। বাকসাস ছাড়াও সিংটেলের গ্রুপ সিইও চুয়া সক কং, আরব আমিরাতের মোবাইল অপারেটর ইতিসালাতের সিইও আবদুল করিম জুলফার ও আমেরিকা টেলিকমের সিইও ড্যানিয়েল হাজ বক্তব্য রাখেন। এই পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) মহাপরিচালক অ্যানি বোভারত।
প্রযুক্তি বিশ্বের বৃহৎ আয়োজন এবং মোবাইল বিশ্বের সর্ববৃহৎ আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪ নিয়ে মুখরিত ফুটবল তারকা লায়নেল মেসির শহর বার্সেলোনা। বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা মোবাইল কংগ্রেসে যোগ দিয়েছেন। চার দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন সেশনে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এসব রথি-মহারথিদের মধ্যে মধ্যে রয়েছেন ফেসবুকের ফাউন্ডার ও সিইও মার্ক জুকারবার্গ, আইবিএমর সিইও ভার্জিনিয়া রমেটি, ফোর্ড মোটর কোম্পানির প্রেসিডেন্ট (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা) স্টিফেন টি ওডেল প্রমুখ।