‘সবার জন্য ল্যাপটপ’ শ্লোগানকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ল্যাপটপ মেলার ১৫ তম আসর এটি।
মেলা চলবে বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার প্রবেশ ফি ৩০ টাকা। মাধ্যমিক পর্যন্ত স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

আয়োজকরা জানান, মেলার টিকিট থেকে আয় করা অর্থের ২৫ শতাংশ নেপালের ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ মেলার উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। মেলার টাইটেল স্পন্সর টেকশহর ডটকম।

মেলার আহ্বায়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ‘অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লিনোভো, তোশিবা, গিগাবাইট, আভিরা, জিওনিসহ বিশ্বের নামি ব্র্যান্ড সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে মেলায় হাজির হবে।’

মেলায় অংশগ্রহণ করে এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন প্রযুক্তিপ্রেমীরা। এক্সপো মেকার আয়োজিত মেলাগুলো প্রযুক্তিকে সবার কাছে তুলে ধরার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কয়েক বছর ধরেই।

এবারের মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তি নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জিএম সালমান আলী খান, টেকশহর ডটকমের প্রতিনিধি আল-আমীন দেওয়ান, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া প্রমুখ।

ইআর