‘রাইট টু ইন্টারনেট’কে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করে একে সংবিধানে স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ জন্য প্রয়োজনে সংবিধানের সংশ্লিষ্ট ধারা পরিবর্তনের মাধ্যমে জনগণের ইন্টারনেট সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি প্রফেসর সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, এশিয়াটিক সোসাইটির সম্পাদক অধ্যাপক গোলাম রব্বানী, ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা বইয়ের লেখক অজিত কুমার সরকার ও টিএসবির নির্বাহী সম্পাদক মু. রহমত আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইহিতা জলিল।
অজিত কুমার সরকার বলেন, তথ্য ও জ্ঞানের অভিজ্ঞম্যকে সর্বজনীন ও সহজলভ্য করে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিয়েছেন। তথ্যপ্রযুক্তি সেবায় মানুষ কতটা উপকৃত হচ্ছেন তার বিশদ বর্ণনা রয়েছে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা বইয়ে।
[b]ঢাকা, ০১ মে, (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]