ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বাজারে তার একাধিপত্যকে অপব্যবহার করে নিজেদের পণ্য এবং সেবার প্রসার ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এই অভিযোগের পর গুগলকে এখন শত কোটি ডলারের জরিমানা গুণতে হতে পারে যদি না তারা প্রমাণ করতে পারে যে সব প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে তারা সমান সুযোগ দেয়।
ইউরোপীয় ইউনিয়ন বলছে, গুগলের মত বিশাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের এরকম পদক্ষেপ নিতে হচ্ছে ইউরোপের পঞ্চাশ কোটি মানুষের কথা বিবেচনায় নিয়ে।
ইউরোপের ইন্টারনেটে লোকে যা কিছু অনুসন্ধান করে তার নব্বই ভাগই গুগলের সার্চ ইঞ্জিনের মাধ্যমে।
ইউরোপীয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেথে ভেস্টেজার বলেন, বহুদিন ধরেই গুগল বাজারে তার একচেটিয়া নিয়ন্ত্রণকে অপব্যবহার করে চলেছে।
তিনি আরও জানান, একজন ক্রেতা যখন গুগলে সার্চ করে কিছু কিনতে যান, তখন সার্চ রেজাল্টে গুগল শপিং সার্ভিসকেই স্ক্রীনের উপরের দিকে দেখানো হয়। অথচ ভোক্তারা চান গুগল যেন সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোকেই খুঁজে বের করে।
গুগলের বিরুদ্ধে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অভিযোগ ছিল, অনুসন্ধানকারীর সার্চের সঙ্গে সংশ্লিষ্ট লিংকের মধ্যে প্রতিযোগীদের থেকে গুগল প্লাস, গুগল ম্যাপস, ইউটিউবের গান ও ভিডিও, অ্যাডওয়ার্ডস প্লাটফর্মের বিজ্ঞাপনের লিংকগুলোকে প্রাধান্য দেয় গুগল।
ইউরোপিয়ান ইউনিয়নের চাপের মুখে সার্চ রেজাল্ট দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনতে রাজি হয়েছিল গুগল। পরবর্তীতে গুগলের পদক্ষেপে সন্তুষ্ট হননি অভিযোগকারী ও তদন্তকারী কর্মকর্তারা।
এআর





